আগামী অক্টোবর ১২তারিখ থেকে দেশব্যাপী শিশু কিশোরদের শুরু হতে যাচ্ছে টাইফয়েড ভ্যাক্সিনেশন কার্যক্রম। সেই কার্যক্রমকে মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া।সভায় টিকাদানের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোঃ রাসেল।
এছাড়া বক্তব্য রাখেন কমিটির সদস্য থানা অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ , উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান,পরিবার পরিকল্পনা অফিসার পলাশ ভৌমিক, ইসলামি ফাউন্ডেশন কাজিপুরের ফিল্ড সুপার ভাইজার মাহবুবুল আলম,তথ্য সেবা অফিসার শাহিদা খাতুন ।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা আনসার ভিডিপি অফিসার নুসরাত জাহান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সাইদস সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধি। সভায় জানানো হয় ৯বছর থেকে ১৫বছরের সকল ছেলে-মেয়েরা এই টিকা পাবে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্দিষ্ট দিন ও সময়ে এই টিকাদান কার্যক্রম চালানো হবে।
এছাড়া এই টিকাদান কার্যক্রম চলাকালীন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্দিষ্ট বয়সের ছেলে-মেয়েরা টিকা গ্রহণ করতে পারবে। টিকা পাওয়ার প্রথম শর্ত হচ্ছে নিবন্ধন করা। তাই শতভাগ নিবন্ধন করার জন্য শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের আহবান করা হয়। এই টিকা অবশ্যই ভরা পেটে গ্রহণ করাসহ নানা বিষয় সভায় তুলে ধরা হয়।
টাইফয়েড ভ্যাক্সিন খুবই গুরুত্বপূর্ণ একটি টিকা। ইদানিং টাইফয়েড জ্বর প্রকট আকার ধারণ করেছে। এমন ক্ষতিকর রোগ প্রতিরোধে সরকার বিনামূল্যে টাইফয়েড ভ্যাক্সিন প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সময়মতো টিকা প্রদানের ওপর জোর প্রদান করা হয়।
