রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। তবে রাত্রিকালীন কার্যক্রম, রাকসু নির্বাচন কার্যক্রম, পরিবহন ও পানি-বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার রাতে জুবেরী ভবনে সভা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা। এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত, সিন্ডিকেট সভা এই সিধান্ত নেওয়া হয়।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, ‘গতকাল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করছি। কারণ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এর আগে শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবি ও প্রাতিষ্ঠানিক সুবিধার (পোষ্য কোটার) দাবিতে আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এদিন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।
