রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সঙ্গে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।
স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়। যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই আউটার সিগনাল অতিক্রম করার সময় হঠাৎ লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়।
এতে ইঞ্জিন অক্ষত থাকলেও পেছনের ছয়টি বগি একে একে লাইনচ্যুত হয়ে পড়ে। তবে বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি, যা ভাগ্যের ব্যাপার বলেই মন্তব্য যাত্রীদের। দুর্ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, বগি লাইনচ্যুত হওয়ার সময় জোরালো শব্দে চারপাশ কেঁপে ওঠে। অনেক যাত্রী আতঙ্কে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাদের সহায়তা করেন। শিশু ও নারী যাত্রীরা সবচেয়ে বেশি ভীত হয়ে পড়েছিলেন।
রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলের মানুষের চরম ভোগান্তি শুরু হয়। আন্তঃনগর, মেইল ও লোকালসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প কোনো পরিবহন না থাকায় অনেক যাত্রী স্টেশনেই আটকে পড়েন। কেউ কেউ নিকটবর্তী সড়ক পথে বাসে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করলেও তা পর্যাপ্ত ছিল না। এতে দীর্ঘ ভ্রমণে থাকা যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
আটকা পড়া একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত রেললাইন মেরামত ও সঠিক তদারকির অভাবেই এমন দুর্ঘটনা ঘটছে। তাদের অভিযোগ, “বছরের পর বছর লাইন সংস্কার হয় না, সামান্য যান্ত্রিক ত্রুটিতেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।” তারা দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধার কাজ সম্পন্ন করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাইন সেপারেটরের যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” তিনি আরও জানান, রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন এবং একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।
দুর্ঘটনার কারণে শুধু রেল চলাচলই নয়, আশেপাশের এলাকায়ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দিনভর রেললাইনের পাশে ভিড় করেন কৌতূহলী মানুষজন। সাধারণ যাত্রীরা বলছেন, অব্যবস্থাপনা আর অবহেলা দূর না হলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটবে।
