রাজশাহী মহানগরীতে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মহানগরীর মেহেরচন্ডি এলাকার ফ্লাইওভারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ।

মেহেরচন্ডি এলাকার বাসিন্দারা জানান, প্রায় দুই দিন আগে আনুমানিক ৬৫ বছর বয়সি এই অজ্ঞাত বৃদ্ধা এলাকায় এসেছিলেন। তিনি অসুস্থ ও অপরিচ্ছন্ন ছিলেন। স্থানীয় নারীরা তাকে গোসল করিয়ে, খাবার ও ওষুধের ব্যবস্থা করেছিলেন।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী মাসুদ জানান, স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করেছে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি মেহেদী মাসুদ আরও জানান, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরিচয় পাওয়া গেলে নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হবে, অন্যথায় বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলে’র অধীনে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।