রাজশাহী জেলার বাঘায় বিক্রির জন্য বাড়ির পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল আড়াইটার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডারগুলো বাড়ির কাজে ব্যবহার এবং থ্রি-হুইলার চালকদের কাছে বিক্রির জন্য রাখা ছিল। হঠাৎ করেই বিকেল আড়াইটার দিকে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে চারঘাট উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
অগ্নিকাণ্ড গ্রামের আমির হোসেন মিস্ত্রির ছেলে আসকান আলী (৫৮), লকিম উদ্দিন (৫২), হাসমত আলী (৪২) ও আসাদুল ইসলাম (৩৮)-এর বাড়ির মোট ৮টি কক্ষের আসবাবপত্র, একটি থ্রি-হুইলার (সিএনজি), দুটি বাইসাইকেল, দুটি ফ্রিজসহ ঘরের অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
চারঘাট উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩০ কেজি চাল ও শুকনা খাবার প্রদান করা হয়।
ইউএনও শাম্মী আক্তার জানান, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের পক্ষ থেকে ঢেউটিন দেওয়া হবে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
