দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বুধবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় বীরগঞ্জ জামায়াত অফিসে একটি ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ জামায়াত কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ হামিদুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-০১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিকবান্ধব নেতা জননেতা মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন, “শ্রমিক শ্রেণিই একটি জাতির মূল চালিকা শক্তি। তাদের ঘামে, পরিশ্রমে এই দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু আজও তারা বঞ্চিত, অবহেলিত। আমরা যদি দেশের নেতৃত্বে আসতে পারি, তাহলে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মপরিবেশ উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।” তিনি আরও বলেন, “একটি ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হলে শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।”

বিশেষ অতিথি জাকিরুল ইসলাম (জেলা সভাপতি) বলেন, “শ্রমিকরা যেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে ফেডারেশন সবসময় সচেষ্ট। সংগঠনকে আরও শক্তিশালী করতে হলে সকল স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

জেলা সহ-সভাপতি রমযান আলী বলেন, “যেখানে শ্রমিকের ঘাম ঝরে, সেখানেই দেশের উন্নয়ন। কিন্তু সেই শ্রমিকই যদি অবহেলিত থাকে, তাহলে উন্নয়ন টেকসই হবে না।”

বিশেষ অতিথি ও জেলা সহ-সেক্রেটারি সাংবাদিক হাদিউজ্জামান হাদি বলেন, “শ্রমিকদের কথা বলার মতো স্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে ফেডারেশন কাজ করছে। দায়িত্বশীলদের উচিত এ সংগঠনকে তথ্যভিত্তিক ও জনসম্পৃক্ত করে গড়ে তোলা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান। তিনি বলেন, “শ্রমিকের ঘরে যদি শান্তি না থাকে, সমাজে ন্যায়ের ভিত্তি গড়ে তোলা সম্ভব নয়।”

সমাবেশটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ মুজাহিদ ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সবার মুখেই ছিল শ্রমিক কল্যাণ ও সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয়।

 

ডিবিএম/বিআই