২৬ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে গুয়াগাছিয়া, মেঘনার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান শুরু করে যৌথবাহিনী। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশ ক্যাম্পে হামলা ও গোলাগুলির ঘটনায় হামলাকারীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নৌ-ডাকাতদের এলাকায় অভিযান শুরু হয়েছে। এ অভিযান চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বেলতলী এলাকাতেও চলবে।

উল্লেখ্য, ২৫ আগষ্ট (সোমবার) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা। এ সময় উভয়পক্ষের মাঝে দফায় দফায় গোলাগুলি হয়। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পালিয়ে যায় হামলাকারীরা।