ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সক্রিয় এবং সশস্ত্র বাহিনী হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোট গণনার সময় সেনাসদস্যরা ভোটকেন্দ্রেও থাকবেন ।
মঙ্গলবার (২৬ আগষ্ট ), রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত বিষয়টি নিশ্চিত করে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করবেন। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো ঘেরাও করে রাখবে, যাতে বাহির থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
নির্বাচনের সাত দিন আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না এবং ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত হয়।
আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।
