বর্তমান বিশ্বে পরিবেশ দূষণ এক ভয়াবহ বৈশ্বিক সংকট। আধুনিক সভ্যতার দ্রুত শিল্পায়ন, নগরায়ণ, অতিরিক্ত যানবাহনের চাপ, ইটভাটা ও প্লাস্টিক বর্জ্যের কারণে প্রতিদিন দূষিত হচ্ছে আমাদের বায়ু, পানি ও মাটি। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার হার অনেক বেশি। ঢাকা প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে আসে; শীতকালে ধোঁয়াশা, গ্রীষ্মে ধুলোঝড়, সারা বছর শব্দ ও রাসায়নিক দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। শিশু, বৃদ্ধ এবং দীর্ঘমেয়াদি রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। দূষণের কারণে একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হয়, তেমনি চিকিৎসা ব্যয় বাড়ে এবং সামগ্রিক উৎপাদনশীলতা কমে যায়—যা পরিবার থেকে শুরু করে জাতীয় অর্থনীতির উপরও বিশাল চাপ সৃষ্টি করে।

পরিবেশের ক্ষতি কেবল স্বাস্থ্যেই সীমাবদ্ধ নয়; জীবনযাত্রার মান, নগরের বাসযোগ্যতা, এবং জীববৈচিত্র্যও ক্রমশ সংকুচিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, বন্যা ও খরা, এবং চরম আবহাওয়ার ফলে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে।

* পরিবেশ দূষণের বহুমাত্রিক প্রভাব

১. বায়ুদূষণ

বায়ুদূষণ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রধান উৎস হলো—জ্বালানি দহন, পুরোনো যানবাহন, ইটভাটা, নির্মাণসাইটের ধুলো, এবং খোলা স্থানে বর্জ্য পোড়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ সরাসরি বায়ুদূষণ-সম্পর্কিত রোগে মারা যায়। বায়ুদূষণের কারণে হাঁপানি, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার, স্ট্রোক, এবং হৃদরোগের ঝুঁকি বাড়ছে। শিশুদের ফুসফুস স্বাভাবিকভাবে বিকশিত হতে পারছে না, যা দীর্ঘমেয়াদে তাদের জীবনকাল ও শারীরিক সক্ষমতা হ্রাস করে।

ঢাকার বাতাসে পি এম২.৫২-এর মাত্রা স্বাস্থ্যসীমার চেয়ে প্রায় ১০–১৫ গুণ বেশি। এই ক্ষুদ্র কণাগুলো ফুসফুসে ঢুকে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করে, রক্তে ঢুকে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে ধূমপানরত ও দীর্ঘস্থায়ী রোগী বায়ুদূষণে আরও সংবেদনশীল।

২. পানিদূষণ

অপরিশোধিত নর্দমা, শিল্পকারখানার ট্যানারি বর্জ্য, কীটনাশক ও রাসায়নিক সার, এবং প্লাস্টিক মাইক্রোবিড পানিদূষণের প্রধান উৎস। দূষিত পানিতে মাছসহ জলজ প্রাণী মারা যায় এবং মানুষের জন্য তা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। দূষিত পানি খেয়ে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস-এ/ই, আমাশয়, এবং জলবাহিত রোগ ছড়ায়। বাংলাদেশে প্রতিবছর লাখো শিশু পানিবাহিত রোগে আক্রান্ত হয়।

পানিদূষণ শুধু রোগই বৃদ্ধি করে না; এটি কৃষিজ উৎপাদনকেও প্রভাবিত করে। কৃষিক্ষেত্রে ব্যবহৃত দূষিত পানি মাটির উর্বরতা কমিয়ে দেয় এবং শস্যে ভারী ধাতু জমা হয়। এর ফলে ক্যানসার, কিডনি, লিভারসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বেড়ে যায়।

৩. শব্দদূষণ

শহরের অব্যবস্থাপনা, অপ্রয়োজনীয় হর্ন, নির্মাণসাইট ও মাইকের শব্দ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে। ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, এবং শ্রবণশক্তি হ্রাস—সবই শব্দদূষণের ফল। শিশুদের শিক্ষাগত মনোযোগ কমে যায়, যা শিক্ষার মান ও ভবিষ্যৎ কর্মক্ষমতাকে প্রভাবিত করে।

৪. মাটিদূষণ

অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক, শিল্পবর্জ্য, এবং প্লাস্টিক মাটির উর্বরতা কমিয়ে কৃষিজ উৎপাদন হুমকির মুখে ফেলে। ভারী ধাতু যেমন সীসা ও আর্সেনিক শস্যে প্রবেশ করে, দীর্ঘমেয়াদি ক্যানসার, কিডনি ও লিভারের রোগ বৃদ্ধি করে।

* সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৪–২৫)

গবেষণা সংস্থা সিআরইএ-এর তথ্যমতে বাংলাদেশে বাতাসে থাকা ক্ষুদ্র কণা (পিএম ২.৫ ) দূষণের কারণে প্রতি বছর প্রায় ১,০২,৪৫৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে হৃদরোগে ২৯,৯২০ জন, স্ট্রোকে ২৩,০৭৫ জন, দীর্ঘস্থায়ী ফুসফুস রোগে ২০,৯৭৬ জন, নিউমোনিয়া সহ নীচ শ্বাসনালী সংক্রমণে ৯,৭২০ জন এবং ফুসফুসের ক্যানসারে ৩,০৬৩ জন মারা যান।

শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। ৫ বছরের নিচে শিশুদের মধ্যে পিএম ২.৫–সম্পর্কিত নিউমোনিয়ায় বছরে প্রায় ৫,২৫৮ শিশুর মৃত্যু হয়।

বায়ুদূষণে প্রতি বছর প্রায় ২৬৩ কোটি কর্মদিবস নষ্ট হয়, ৯ লক্ষ অকালপ্রসূতি জন্ম এবং ৭ লক্ষের বেশি কম ওজনের শিশুর জন্ম হয়।

বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশে পরিবেশগত ঝুঁকি (বায়ুদূষণ, পানি দূষণ, স্যানিটেশন ও সীসা) প্রতি বছর প্রায় ২ লাখ ৭২ হাজার অকাল মৃত্যু ঘটায় এবং অসুস্থতায় ৫২০ কোটি মানুষ–দিন নষ্ট হয়।

২০১৯ সালে এসব কারণে দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ১৭.৬% ক্ষতি হয়েছে; এর মধ্যে কেবল বায়ুদূষণই ৮.৩২% জিডিপি সমপরিমাণ ক্ষতির জন্য দায়ী।

আইকিউএয়ার-এর ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ ছিল বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত দেশ, আর ঢাকা ছিল তৃতীয় সর্বাধিক দূষিত শহর। মার্চ ২০২৫–এ প্রকাশিত গার্ডিয়ান রিপোর্ট অনুযায়ী, কেবল ৭টি দেশই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বায়ুমান বজায় রাখতে সক্ষম হয়েছে; বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো ওই সীমার ১০–১৮ গুণ বেশি পিএম২.৫ দূষণে আক্রান্ত।

* অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি

পরিবেশ দূষণে—

কর্মঘণ্টা নষ্ট হয়ে উৎপাদনশীলতা কমে যায়।

চিকিৎসা ব্যয় বেড়ে দরিদ্র পরিবার আরও বিপদে পড়ে।

কৃষিজ উৎপাদন হ্রাসে খাদ্যনিরাপত্তা হুমকিতে পড়ে।

জীববৈচিত্র্য ধ্বংস হয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়।

পর্যটন ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতিতে এটি দ্বিগুণ বোঝা—স্বাস্থ্য ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই।

* সমাধানের পথ

* নীতি ও আইন

শিল্পকারখানায় বর্জ্য পরিশোধনাগার বাধ্যতামূলক ও নিয়মিত তদারকি।

লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধ, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার।

নির্মাণসাইটে ধুলা নিয়ন্ত্রণ ব্যবস্থা।

পুরোনো ও ধোঁয়া-উৎপাদনকারী যানবাহন ধাপে ধাপে অপসারণ।

* পরিবহন

আধুনিক ও জ্বালানি-দক্ষ গণপরিবহন চালু।

বিদ্যুৎচালিত ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানো।

নিরাপদ ফুটপাত ও সাইকেল লেন তৈরি।

* নগর পরিকল্পনা

খাল-জলাশয় সংরক্ষণ ও পুনঃখনন।

সবুজ এলাকা বৃদ্ধি, ছাদবাগান ও নগরবনায়নে প্রণোদনা।

জলবায়ু সহনশীল নগর পরিকল্পনা।

* বর্জ্য ব্যবস্থাপনা

উৎসে বর্জ্য আলাদা করা, প্লাস্টিক পুনর্ব্যবহার।

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ধাপে ধাপে নিষিদ্ধ।

আধুনিক ল্যান্ডফিল ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রযুক্তি।

* ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলা।

বাজারে কাপড়ের ব্যাগ ব্যবহার করা।

রাস্তা-ঘাটে ময়লা না ফেলা, ড্রেন পরিষ্কার রাখা।

অপ্রয়োজনীয় হর্ন না বাজানো।

শক্তি সাশ্রয়ী বাতি ও যন্ত্রপাতি ব্যবহার।

গণপরিবহন, যাত্রী ভাগাভাগি, হাঁটা বা সাইকেল চালানো।

ছাদবাগান, বৃষ্টির পানি সংরক্ষণ, স্থানীয় পরিচ্ছন্নতা অভিযান।

শিক্ষা, গবেষণা ও সচেতনতা

পাঠ্যবইয়ে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত করা।

গণমাধ্যমে নিয়মিত প্রচার ও সচেতনতা বাড়ানো।

ব্যবসা খাতে সবুজ সরবরাহ ব্যবস্থা ও টেকসই রিপোর্টিং উৎসাহিত করা।

বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে কম খরচের পানি ফিল্টার, বর্জ্য থেকে জ্বালানি, বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়া।
পরিশেষে বলতে চাই,আজ আমরা যে পরিবেশে বাস করছি, তা শুধু আমাদের নয়—আগামী প্রজন্মের জন্যও রেখে যাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে পরিবেশ ধ্বংস ও দূষণের দায়ভার আমরা নিজেদের অবহেলা ও ভোগবাদী জীবনযাত্রার মাধ্যমেই বাড়িয়ে তুলছি। দূষণ নিয়ন্ত্রণ শুধু সরকারের দায়িত্ব নয়; বরং প্রত্যেক ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেরও বড় দায়িত্ব রয়েছে। আমরা যদি এখনই কঠোর পদক্ষেপ না নেই, তবে আমাদের সন্তানদের জন্য অপেক্ষা করছে আরও ভয়াবহ ও অমানবিক পরিস্থিতি।

পরিবেশ রক্ষায় প্রয়োজন সচেতনতা, দায়িত্ববোধ ও একসাথে কাজ করার মানসিকতা। প্লাস্টিক কম ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, জ্বালানির অপচয় রোধ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার আমাদের ব্যক্তিগত উদ্যোগ থেকেই শুরু করা সম্ভব। পাশাপাশি সরকারের নীতিমালা, শিল্পকারখানার সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, দূষণ নিয়ন্ত্রণ আইন প্রয়োগ ও গণসচেতনতা একসাথে কাজ করলে দূষণ অনেকাংশে কমানো সম্ভব।তাই আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি—“আমি সচেতন হব, পরিবেশ রক্ষা করব। আমি নিজে দায়িত্বশীল হব এবং অন্যকেও সচেতন করব।”
কারণ সুস্থ-স্বাস্থ্যকর পৃথিবী শুধু আমাদের নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও প্রাপ্য।

 

লেখক: কলাম লেখক ও গবেষক
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি