ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১টা থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন বিজয়নগর উপজেলার চান্দুরা, হরষপুর ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) থেকে পৃথক করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করে। এর প্রতিবাদে কয়েকদিন ধরেই আন্দোলন কর্মসূচি পালন করছেন স্থানীয় জনতা।

এ সময় বক্তব্য রাখেন সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন ও ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আসন সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে বিজয়নগরের সবকটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সঙ্গেই যুক্ত রাখতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।