বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করাকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার ২৫ নং ওয়ার্ডের এক যুবলীগ নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের সদর উপজেলার ২৫নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি কামরান আহমদ চয়ন (৩০) বর্তমান লন্ডন প্রবাসী শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লেখেন, “১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।”

এই পোস্ট প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এলাকায় বিরোধী মতাদর্শী একদল চিহ্নিত দুর্বৃত্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা রাত আনুমানিক ১১টার দিকে কামরান আহমদ চয়ন এর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। বাড়ির জানালা-দরজা, আসবাবপত্র, মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি বাড়িতে অবস্থানরত যুবলীগ নেতার মা-বাবা’কে আতঙ্কিত করে তোলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক বাসিন্দা জানান, প্রায় ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের বিরুদ্ধে কটূক্তি করতে করতে যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুর করে। এসময় বাড়ির ভেতরে থাকা কামরান আহমদ চয়ন এর মা ও বাবা ভয়ে কান্নাকাটি শুরু করেন।

এলাকার বাসিন্দা আতিক আহমেদ বলেন, “আমরা হঠাৎ ক্সহ‣চ শুনে বাইরে বের হই। দেখি কয়েকজন এসে কামরান আহমদ এর বাড়িতে হামলা করছে। এভাবে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
হামলার শিকার যুবলীগ নেতা কামরান আহমদ চয়ন এর সাথে এই প্রতিবেদকের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে বলেন, “আমি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু একটি ফেসবুক পোস্ট দিয়েছিলাম। এটিই আমার অপরাধ? বঙ্গবন্ধু তো এই দেশের জনক। তাঁকে নিয়ে পোস্ট দেওয়াটা কি দোষের কিছু? আমার পরিবার এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক।”

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক ইসলাম জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশি টহল জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপার বলেন, যারা রাজ‣নতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সহিংসতার পথ বেছে নিচ্ছে, তাদের কঠোরভাবে দমন করা হবে।”

ঘটনার পর সিলেট জেলা যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। জেলা যুবলীগের সভাপতি এক বিবৃতিতে বলেন, “১৫ আগস্টের শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি বা ভাঙচুর জাতির সাথে বিশ্বাসঘাতকতার সামিল। যারা এ হামলায় জড়িত, তারা স্বাধীনতা বিরোধী চক্রের দোসর।”

অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে এখনও স্বাধীনতা বিরোধী চক্র দেশে সক্রিয়।

তারা দেশের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে। হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যুবলীগ নেতার বাড়ির আশপাশের পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। অনেকেই বলছেন, শুধুমাত্র রাজ‣নতিক মতাদর্শের পার্থক্য বা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলা মেনে নেওয়া যায় না।

বাংলাদেশে প্রায়ই দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশকে কেন্দ্র করে নানা ধরনের সহিংস ঘটনা ঘটে।

বিশেষজ্ঞদের মতে, এটি গণতান্ত্রিক চর্চার জন্য বড় হুমকি। রাজনৈতিক বিশ্লেষক ড. হুমায়ুন কবির বলেন, “বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁকে নিয়ে কারও পোস্টে হামলা চালানো মানে স্বাধীনতার চেতনাকে আঘাত করা। প্রশাসনের উচিত এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স দেখানো।