গ্রেট ব্রিটেনের হয়ে ঘোড়ার পিঠে চড়ে অলিম্পিকে জিতেছেন ছয়টি পদক। যার তিনটি আবার স্বর্ণ। সেই ‘ড্রেসেজ’ তারকা শার্লট ডুজারডিনের বিরুদ্ধে এবার নিজের ঘোড়ার ওপর নির্যাতন করার অভিযোগ উঠেছে। অবশ্য অভিযোগ মেনে নিয়ে প্যারিস অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোড়াকে অত্যাচার করা শার্লটের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেটি চার বছর আগের ভিডিও। আর এই ঘটনার পর ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস বা ইইআই শার্লটকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে। এরপরেই প্যারিস অলিম্পিক থেকে নাম তুলে নিয়েছেন তিনি।

এ নিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস একটি বিবৃতিতে জানিয়েছে, ‘শার্লটের একটি ভিডিও সংস্থার হাতে এসেছে। তদন্ত করে দেখা হয়েছে অভিযোগ সত্যি। ঘোড়াকে অত্যাচার করা হয়েছে যা সংস্থার সংবিধানের বিরুদ্ধে। শার্লটও স্বীকার করে নিয়েছেন যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি। সেই কারণে পদক্ষেপ করেছে সংস্থা। এই ধরনের আচরণের নিন্দা করেছে এ সংস্থা। শার্লটকে নির্দেশ দেওয়া হয়েছিল, প্যারিস অলিম্পিক থেকে নাম তুলে নিতে। তিনি সেটি করেছেন।’

পরে নিজের দোষ স্বীকার করে শার্লট একটি ভিডিও বার্তায় বলেন, ‘যে ভিডিও বাইরে এসেছে সেটা চার বছর আগের। আমি নিজের ঘোড়াদের খুব যত্ন করি। সে বার ভুল হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারিনি। কিন্তু অপরাধের শাস্তি তো পেতেই হবে। তাই আপাতত অলিম্পিক থেকে নাম সরিয়ে নিচ্ছি। অন্য কোনো প্রতিযোগিতায় এখন নামব না। যা করেছি তার কোনো অজুহাত নেই। আমি লজ্জিত। ক্ষমাপ্রার্থী।’

ব্রিটেনের হয়ে ব্যক্তিগত ও দলগত দু’টি প্রতিযোগিতাতেই নামার কথা ছিল শার্লটের। এবার খেললে লরা কেনির রেকর্ড ভাঙতে পারতেন তিনি। দু’জনেরই আপাতত ছ’টি করে পদক রয়েছে। ৩৯ বছর বয়সী শার্লট নাম তুলে নেওয়ায় তার পরিবর্তে বেকি মুডিকে ব্রিটেনের দলে নেওয়া হতে পারে।