কয়েকদিন পরই শুরু হচ্ছে ধুমধাড়াক্কা ক্রিকেটের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞ উপলক্ষে ক্রিকেটবিশ্বে আলোচিত সব ধারাভাষ্যকারদের নিয়ে আসছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এই টুর্নামেন্টের ধারাভাষ্যে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান।

ধারাভাষ্য দলের নেতৃত্ব দিচ্ছেন ক্রিকেট তারকা রবি শাস্ত্রী, নাসের হুসেন, ইয়ান স্মিথ, মেল জোন্স, হার্শা ভোগলে ও ইয়ান বিশপ। অভিজ্ঞ এসব ধারাভাষ্যকারদের সঙ্গে যোগ দেবেন দিনেশ কার্তিক, ইবনি রেনফোর্ড-ব্রেন্ট, স্যামুয়েল বদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ ও লিসা স্থালেকারদের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নরা।

এছাড়াও ওয়ানডে বিশ্বকাপজয়ী রিকি পন্টিং, সুনীল গাভাস্কার, ম্যাথিউ হেইডেন, রমিজ রাজা, এউইন মরগ্যান, টম মুডি এবং ওয়াসিম আকরামরা টুর্নামেন্টে তাদের বিশেষ বিশ্লেষণ তুলে ধরবেন। বিশ্বকাপ অভিষেক ঘটতে যাচ্ছে আমেরিকান ধারাভাষ্যকার জেমস ও’ব্রায়েনের (জমবয় নামেই বেশি পরিচিত তিনি)। আমেরিকান দর্শকদের কাছে যা একটি বিশেষ আকর্ষণ।

তারকা খচিত ধারাভাষ্য প্যানেলে আরও আছেন ডেল স্টেইন, গ্রায়েম স্মিথ, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডল, শন পোলক এবং কেটি মার্টিন। থাকছেন ক্রিকেট সম্প্রচারে স্বনামধন্য কণ্ঠস্বর এমপুমেলেলো এমবাংওয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালিসন মিচেল, অ্যালান উইলকিন্স, ব্রায়ান মুরগাট্রয়েড, মাইক হেইসম্যান, ইয়ান ওয়ার্ড, রাসেল আর্নল্ড, নিল ও’ব্রায়েন ও ক্যাস নাইডু।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যৌথ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে প্রতিবেশী কানাডা। আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ তার পরদিন খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪ গ্রুপ

গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র

গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান

গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি

গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল