আমদানি নির্ভরতা কমাতে শীতকালীন পেঁয়াজ চাষে সফলতার স্বপ্ন দেখছে শিবগঞ্জের কৃষকেরা। দেশে চাহিদার তুলনায় অনেক কম পেঁয়াজ উৎপাদিত হয়। সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনার অভাবেও নষ্ট হয় অনেক পেঁয়াজ। এই ঘাটতি মেটাতে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। দেশের ইতিহাসে পেঁয়াজের দাম নতুন নতুন রেকর্ড গড়েছে যা মনে রাখার মতো।
শিবগঞ্জে পেঁয়াজের আবাদ ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বাজারে নতুন পেঁয়াজ উঠেছে অনেক আগে । পেঁয়াজের দাম আশানুরূপ হওয়ায় কৃষকেরা মহাখুশি । এজন্য উপজেলায় পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে । তবে রবি মৌসুমে এসেও কৃষকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৈরি আবহাওয়া ও অস্থিতিশীল বাজার দর।
উপজেলা কৃষি বিভাগের জানিয়েছে, গত বছরের তুলনায় এবার পেঁয়াজের চাষ অনেক বেশি হয়েছে। এবছর উপজেলায় পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১৫ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৭০ হেক্টর জমিতে দেশী জাতের কলসনগর, লালতীর কিং, হাইঃ লালতীর, হাইঃ ইস্পাহানী ও হাই মেটাল জাতের পেঁয়াজ আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৭৯৫ মেট্রিকটন। গত বছর আবাদ হয়েছিল ২৫০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিলো ৩০০০ মেট্রিকটন।
তবে কৃষকদের দাবি, সারা উপজেলায় এবার প্রায় ৪ থেকে সাড়ে ৪’শত হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। যা স্থানীয় চাহিদা মেটাতে অনেকটাই সক্ষম। তারা আরও জানান, প্রতি বিঘা জমিতে গড়ে ৭০ থেকে ৭৫ মণ পেঁয়াজ উৎপাদন হতে পারে।
উপজেলার বিহার, আলীগ্রাম, উথলী, ডাবইর, গুজিয়া, মোকামতলা এলাকা পেঁয়াজ চাষের জন্য খ্যাত। এলাকা ঘুরে দেখা যায়, কৃষকেরা পেঁয়াজের জমিতে ব্যস্ত সময় পার করছে। কেউ জমিতে কুঁড়ে ঘর তৈরি করছে রাতে পাহাড়া দেওয়ার জন্য। কেউ আগাছা তুলছে, কেউ বালাইনাশক স্প্রে করছে, কেউবা পেঁয়াজের ফুলকা (ফুল) ছিঁড়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে বাড়তি টাকা আয় করছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।
আলীগ্রামের কৃষক আজিমুদ্দীন মন্ডল বাংলাদেশ মিডিয়াকে বলেন, আমি এবার ৩বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছি। বীজ, কামলাও সার-কীটনাশকের দাম বেশি হওয়ায় কিছুটা চিন্তায় আছি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরও বলেন, আবহাওয়া ভালো থাকলে প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ উৎপাদন হবে। আশা করি ৪ থেকে সাড়ে ৪লক্ষ টাকার মতো পেঁয়াজ বিক্রি করতে পারবো।
মোকামতলা এলাকার কৃষক প্রফুল্ল চন্দ্র বলেন, আমি ২বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছিলাম। হঠাৎ পেঁয়াজের দাম বেশি হওয়ায় দিন দশেক আগেই তুলে বাজারে বিক্রি করেছি। খরচ বাদে ১লক্ষ ২০ হাজার টাকা লাভ হয়েছে।
শিবগঞ্জ পৌর বাজারের তরকারি ব্যবসায়ী আল-আমিন বাংলাদেশ মিডিয়াকে বলেন, আমি প্রতিমন পেঁয়াজ ৩ হাজার ৪ শত টাকায় কিনেছি তবে ভালো মানের ফ্রেস পেঁয়াজ ৪ হাজার টাকা মন। প্রতি কেজি পেঁয়াজ ১১০টাকায় বিক্রি করছি। হঠাৎ পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি হওয়ার কারণে কৃষকেরা জমি থেকে পেঁয়াজ তুলে বিক্রি করতে শুরু করেছে। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ১৬০-১৮০টাকায় বিক্রি করেছি।
শিবগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তা আল-মুজাহিদ সরকার দৈনিক বাংলাদেশ মিডিয়াকে বলেন, এবার পেঁয়াজের দাম ভালো আছে। আমরা আশা করছি এই রকম দাম অব্যাহত থাকলে কৃষকেরা উপকৃত হবে ও লাভের মুখ দেখবে। সরকারি প্রণোদনা দেওয়সসহ কৃষকদের উৎপাদন বৃদ্ধি করতে কৃষি উপকরণ ও পরামর্শ দিয়ে থাকি। এ কারণে গত বছরের চেয়ে এ বছর পেঁয়াজ চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছি।
