পাকিস্তানের সাধারণ নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন দেশটির সব সরকারি কর্মচারীর বেতন শতভাগ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) তিনি বলেছেন, তার দলকে যদি আরেকটি সুযোগ দেওয়া হয় ক্ষমতায় যাওয়ার, তাহলে সব সরকারি কর্মচারীর বেতন ১০০ ভাগ বাড়ানো হবে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আপার দির এলাকায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় বিলাওয়াল বলেছেন, তার দল পিপিপি যখনই ক্ষমতায় গেছে তখনই সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করে।
পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগে ২০১০ সালে ক্ষমতায় থাকাকালে পিপিপির নেতৃত্বাধীন ফেডারেল সরকার অ্যাডহক ভিত্তিতে সরকারি কর্মচারীদের বেতন তাদের মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করেছিল। এ ছাড়া সর্বশেষ পিডিএম জোট সরকারের আমলে সরকারি কর্মচারীদের বেতন ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধিতে ভূমিকা পালন করেছে দলটি।
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে পিপিপি নেতা উল্লেখ করেন যে, দেশে মূল্যস্ফীতি একটি ঐতিহাসিক স্তরে পৌঁছেছে। বেকারত্ব এবং দারিদ্র্য প্রতিদিন বাড়ছে। বর্তমান শাসকরা জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে না বলেও মন্তব্য তার।
পিপিটি চেয়ারম্যান বলেন, ‘বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি’ জনগণের ক্ষতি করছে। তাই দেশকে সংকট থেকে বের করে আনতে এই ধরনের রাজনীতি ত্যাগ করতে হবে রাজনীতিবিদদের।
