অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলার গতি কমার কোনো লক্ষণই নেই। আরববিশ্বসহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান উপেক্ষা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামলা অব্যাহত রাখার কথা জানানোর পরই ইসরাইল এবার পরিকল্পিতভাবে ফিলিস্তিনের নারী ও শিশু নিধনে নেমেছে। এরই অংশ হিসাবে তারা স্কুল, হাসপাতাল, অ্যাম্বুলেন্সসহ নারী ও শিশুদের অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

হামলার ৩০তম দিনে শনিবার তাই আবারও তারা শরণার্থী শিবিরের ওয়াটার স্টেশন লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার মাঘাজি শরণার্থী শিবিরে এ হামলায় ৫১ জন নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরা, রয়টার্স, বিবিসির। গাজার মাঘাজি শরণার্থী শিবিরে শনিবারের ইসরাইলের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছেন। এদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানা গেছে।

গত কয়েক দিনে গাজার শরণার্থী শিবিরগুলোতে ইসরাইল দফায় দফায় হামলা চালিয়েছে এবং সর্বশেষ শনিবার রাতে এই হামলা চালানো হলো। এই হামলায় দুটি আবাসিক বাড়িও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান আল-মাঘাজি ক্যাম্পের সাম’আন পরিবারের বাড়ি লক্ষ্য করে হামলা চালালে প্রাণহানি ঘটে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহতও হয়েছেন। বোমা হামলায় ওই বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং পার্শ্ববর্তী বাড়ি ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে।

এদিকে, জাবালিয়া শরণার্থী শিবিরেও হয়েছে হামলা। শনিবারও রাতভর বোমাবর্ষণ করা হয় গোটা উপত্যকায়। বিশেষভাবে, উত্তরাঞ্চলে হামলা আরও জোরদার করা হয়েছে। বাদ যায়নি স্কুল, হাসপাতাল এবং অ্যাম্বুলেন্সও। বিধ্বস্ত হয়েছে বহু আবাসিক ভবন। মুহুর্মুহু বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড থেকে নিরাপদে নেই কোনো এলাকা। গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের বেশ কয়েকটি স্থানে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। একটি পাবলিক ওয়াটার ট্যাংককে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এখান থেকে রাফাহের পূর্বে বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ করা হয়। সেনাবাহিনী পশ্চিম গাজার আল নাসর শিশু হাসপাতালের প্রবেশপথকেও লক্ষ্যবস্তু করেছে। এছাড়াও, পশ্চিম গাজার ঘনবসতিপূর্ণ সাবরা এলাকার কেন্দ্রস্থলে একটি মসজিদে বোমা হামলা করা হয়েছে।

গত বেশ কয়েক দিন ধরেই ইসরাইল গাজার শরণার্থী শিবিরগুলোতে অসংখ্য হামলা চালিয়েছে। সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা বলে পরিচিত এসব শরণার্থী শিবিরে হামলার কারণে নিরাপদে সরে যাওয়া ফিলিস্তিনিরাও এখন প্রতি মুহূর্তে প্রাণের ভয় নিয়ে আতঙ্কে আছেন।

ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যুগান্তরে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে চার হাজার ৮৮০ জনই শিশু। এছাড়া নিহতদের মধ্যে দুই হাজার ৫০৯ জন নারী আছে। বর্বর ইসরাইলি হামলায় আরও অন্তত ২৪ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজায় ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ এবং ইসরাইলের ‘গণহত্যা’ বন্ধে যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠকের পর তিনি এ আহ্বান জানান। কিন্তু বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে তারা কোনো কথা বলেননি। এমনকি আনুষ্ঠানিক বিবৃতিও দেননি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৈঠকের বিষয়ে বলেছেন, গাজায় জীবনরক্ষাকারী মানবিক সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে মার্কিন প্রতিশ্রুতি ব্লিঙ্কেন পুনর্ব্যক্ত করেছেন। এর আগে শনিবার আরব বিশ্বের পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। বৈঠকে আরব বিশ্বের মন্ত্রীরা গাজায় অবিলম্বে শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা নাকচ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান যুদ্ধে বিরতি দেওয়া হলে হামাসের সদস্যরা পুনর্গঠিত হয়ে পুনরায় ৭ অক্টোবরের মতো হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে।

তবে ওই অঞ্চলে সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার পাশাপাশি হামাসকে পুরোপুরি ধ্বংস করার পর গাজা কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে আলোচনা শুরুর চেষ্টা করছেন ব্লিঙ্কেন।

নেতানিয়াহুর পদত্যাগ ও কারাদণ্ড দাবি : ইসরাইলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। কয়েক মাস ধরে তার পদত্যাগের দাবিতে ও দুর্নীতির অভিযোগে শাস্তির অভিযোগে বিক্ষোভ করে আসছে ইসরাইলিরা। গাজার সঙ্গে যুদ্ধে জড়ানোর পর এই ক্ষোভ আরও বেড়েছে। শনিবার নেতানিয়াহুর বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করে ইসরাইলিরা। রয়টার্স জানিয়েছে, ইসরাইলে হামাসের হামলার বিষয়ে অবগত ছিল না নেতানিয়াহু প্রশাসন। এর ব্যর্থতার দায় তারা দিচ্ছেন নেতানিয়াহুকে। তারা বিক্ষোভের সময় নেতানিয়াহুর কারাদণ্ডের দাবি করেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এক সমীক্ষায় দেখা গেছে, তিন-চতুর্থাংশেরও বেশি ইসরাইলি মনে করে যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত।