কাতারে মৃত্যুদণ্ড পেয়েছেন ভারতের আটজন সাবেক নৌসেনা কর্মকর্তা। কাতার এসব কর্মকর্তাদের বিরুদ্ধেইসরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগ এনেছে। ২০২২ সালের আগস্ট মাস থেকে কাতারের জেলে বন্দী রয়েছেন এসব কর্মকর্তা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কাতারে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক নৌসেনা কর্মকর্তারা হলেন, ক্যাপ্টেন নবতেজ সিংহ গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ।

কাতারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজে নিযুক্ত বেসরকারি সংস্থা দাহরা গ্লোবালে কর্মরত ছিলেন নৌসেনার অবসরপ্রাপ্ত এই আট কর্মকর্তা। এ ছাড়া কাতারের একজন এবং ওমানের আরেক নাগরিকের বিরুদ্ধেও মামলা দায়ের করেছিল দেশটি।

দাহরা গ্লোবালের সিইও খামিস আল-আজমি চরবৃত্তির সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তার হলেও দুইমাস বন্দী রেখে জামিন দেওয়া হয়। ওমানের নাগরিক মুক্তি পান ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ঠিক আগে। দু’জনকে ছেড়ে দেওয়া হলেও আট ভারতীয়কে মুক্তি দেয়নি কাতার।

২০২২ সালের ১ অক্টোবর কাতারে বন্দী ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। এরপর থেকে ভারতীয় দূতাবাস নিয়মিত যোগাযোগ রেখেছিল। তবে ২০২৩ সালের ১৫ মার্চ শেষবার ভারতীয়দের জামিনের আবেদন খারিজ করেন কাতারের আদালত। ২৬ অক্টোবর বন্দী ভারতীয়দের মৃত্যুদণ্ড ঘোষণা করেন দেশটির আদালত।

সাবেক ভারতীয় নৌসেনা কর্মকর্তাদের মৃত্যুদণ্ডের খবর প্রকাশ্যে আসার পরেই বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টিতে বিস্ময় প্রকাশ করে নয়াদিল্লি জানিয়েছে, সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা করছে তারা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতে ওই আট সাবেক কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি আশ্বাস দেন, আট জনকে দেশে ফেরানোর বিষয়ে ‘সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে’ ভারত। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছে। বিদেশে ভারতীয় নাগরিকের মৃত্যুদণ্ডের সাজা পাওয়া এই প্রথম নয়। এর আগে যত বারই দেশের গণ্ডির বাইরে ভারতীয় কেউ সাজা পেয়েছেন, তাদের উদ্ধার করতে ঝাঁপিয়েছে ভারত সরকার। ঠেকানো হয়েছে মৃত্যু।

আট এই কর্মকর্তাদের মৃত্যুদণ্ড ঠেকাতে কাতারের উচ্চতর আদালতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আবেদন জানাতে পারে ভারত সরকার। হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ রয়েছে।

দেশটিতে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পেলে ১৫ দিনের মধ্যে তার বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন জানাতে হয়। রমজান এবং ইদের সময় কাতারের রাজা দেশের সাজাপ্রাপ্ত কিছু বন্দিকে ক্ষমাপ্রদর্শন করেন। সেখানে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের পরিবার।

ভারত সরকার এই দিকটিও নজরে রেখেছে এবং প্রয়োজনীয় সাহায্য করা হয়েছে পরিবারগুলিকে। এ ছাড়া ভারত এবং কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগিয়ে সাজাপ্রাপ্তদের উদ্ধার করতে পারে নয়াদিল্লি। ইতিমধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে।