ফিলিস্তিনের জন্য প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের কর্মকর্তারা।

ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা জানিয়েছে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি জর্ডানে একটি অনুষ্ঠানে সৌদির রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্র হাতে পান। আল-সুদাইরি বর্তমানে জর্ডানেরও রাষ্ট্রদূত।

আল-খালিদি ওই অনুষ্ঠানে বলেছেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে, সেইসঙ্গে দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আবদ্ধ করবে।

সৌদি রাষ্ট্রদূতও এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, তারা এটিকে তাদের প্রতি সৌদির অটুট সমর্থন হিসেবেই দেখছেন।