ভাগাভাগি করে একটি টিকিট কিনে ১০ কোটি রুপি জিতলেন ভারতের ১১ নারী। তারা সবাই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। বিবিসি জানিয়েছে, দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের ১১ নারী পরিচ্ছন্নতাকর্মী গত জুন মাসে সরকারি একটি লটারির টিকিট কেনার জন্য অর্থ সংগ্রহ করেন। তারা সবাই চাঁদা দিয়ে টিকিট কিনেছিলেন ভাগ্য পরিবর্তনের আশায়।
এই নারীদের ভাগ্য যে রাতারাতি বদলে দেবে লটারির একটি টিকিট, তা পুরস্কার জয়ের পর অনেকে বিশ্বাস করতে পারছিলেন না। গত সপ্তাহে ওই ১১ জন মিলে কেনা একটি টিকিট ১০ কোটি রুপির জ্যাকপট জিতেছে। গত জুনে তারা ওই টিকিট কিনেছিলেন। গত সপ্তাহে লটারির ড্র অনুষ্ঠিত হয়। এমপি রাধা এই ১১ নারী দলের নেতা। তিনিই সবার পক্ষ থেকে সাধারণত লটারি কিনে থাকেন। তিনি বলেন, একবার আমরা এক হাজার রুপির একটি পুরস্কার জিতেছিলাম। সেটা আমরা সবার মধ্যে ভাগাভাগি করে নিই।
গত মাসে এই ১১ নারী ২৫০ রুপি মূল্যের একটি মৌসুমি লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নেন। সাধারণত কোনো বিশেষ উৎসব উপলক্ষে এ ধরনের লটারির টিকিট ছাড়া হয়।
কেরালার মালাপ্পুরাম জেলার পারাপ্পানানগাদি শহরে বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহের কাজ করেন এই নারীরা। তারা দিনে ২৫০ রুপি পারিশ্রমিক পান। তারা বলছিলেন, এই অর্থ দিয়ে তাদের সংসার চলে না। সন্তানের পড়ালেখা ও সংসারের অন্যান্য খরচ মেটাতে ধারদেনা করতে হয়। এ কারণে তারা মাঝেমধ্যে লটারির টিকিট কেনার জন্য এক হতেন। অর্থাৎ সবাই মিলে অর্থ ভাগাভাগি করে একটি টিকিট কিনতেন।
ভারতের অনেক রাজ্যে লটারি অবৈধ হলেও কেরালার সরকারের পৃষ্ঠপোষকতায় অত্যন্ত জনপ্রিয় একটি লটারি কর্মসূচি চলমান আছে। তবে বেসরকারি পর্যায়ে এই রাজ্যেও লটারি পরিচালনায় নিষেধাজ্ঞা রয়েছে।
এই নারীদের একজন তার স্বামীকে লটারির ফলাফল দেখার জন্য বলেছিলেন। ড্র অনুষ্ঠিত হওয়ার একদিন পর তারা জানতে পারেন, লটারি জিতেছেন। রাধা বলেন, আমরা বাম্পার পুরস্কারের জন্য চতুর্থবারের মতো একটি টিকিট কিনেছিলাম। চতুর্থবারে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে।
গত মাসে ১১ জনের এই দলটি ২৫০ রুপির মৌসুমি বাম্পার প্রাইজ লটারি কেনার সিদ্ধান্ত নেয়। কেরালায় বিশেষ কোনও অনুষ্ঠান যেমন উৎসবের জন্য বাম্পার প্রাইজ লটারি ছাড়া হয়। ৭২ বছর বয়সী কুত্তিমালু বলেন, রাধা যখন টিকিট কেনার জন্য অর্থ সংগ্রহ করছিলেন, তখন তার মন খারাপ ছিল। কারণ তার কাছে টিকিটের ভাগ নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ছিল না।
বিবিসিকে তিনি বলেন, ‘তখন চেরুমানিল বেবি (দলের অপর এক সদস্য) আমাকে বলেন, তার কাছে ২৫ রুপি আছে এবং টিকিটের জন্য আমাকে এর অর্ধেক ধার দিতে চান তিনি।’পরে এই দুই নারী তাদের টিকিটের ভাগের জন্য সাড়ে ১২ রুপি করে দেন এবং অন্য ৯ জন দেন ২৫ রুপি করে। কুত্তিমালু বলেন, আমরা লটারিতে কিছু জিতলে সমানভাবে ভাগ করে নেব বলে সবাই রাজি হয়ে যাই। এত বড় অঙ্কের পুরস্কার জিতব তা আমরা আশা করিনি!
সরকারি কর কেটে নেওয়ার পর ১১ জনের ওই দলটি লটারির ৬ কোটি ৩০ লাখ রুপি পাবে। বেবি ও কুত্তিমালু তাদের ভাগের ৬৩ লাখ রুপি নিজেদের মাঝে সমানভাবে ভাগ করে নেবেন। কারণ তারা দুজন মিলে টিকিটের একটি ভাগ কিনেছিলেন। আর অন্যদের প্রত্যেকে ৬৩ লাখ রুপি করে পাবেন।
