রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরিবহনের ব্যবস্থাপক বিপ্লব অধিকারী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি। তিনি বলেন, শনিবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঈগল পরিবহনের বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই রাত পৌনে ৯টার দিকে ঈগল পরিবহনের চালক মো. নুর ইসলাম উত্তরা ৯ নম্বর সেক্টরের আকাশ প্লাজার সামনের রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে হোটেলে খেতে যান। এ সময় চালকের সহকারী মো. রিপন হোসেন বাসের দরজা লাগিয়ে পাশের রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, আমি চিৎকার চেচামেচি শুনে কাউন্টার থেকে বের হয়ে দেখি বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র-সস্ত্র ও পেট্রোলবোমায় সজ্জিত হয়ে ঈগল পরিবহনের কাছে আসে এবং কয়েকটি পেট্রোলবোমা জানালা দিয়ে বাসের ভেতর নিক্ষেপ করে। সাথে সাথে আগুন ধরে যায়। এই দৃশ্য দেখে আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও ঘটনাস্থল এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে আসেন। এ সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পুলিশ ও স্থানীয় জনতার সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসের ক্ষয়ক্ষতির বিষয়ে এজাহারে বলা হয়, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নিক্ষিপ্ত পেট্রোলবোমার আগুনে বাসের ভেতরে থাকা চার লাখ টাকা মূল্যের ৪০টি সিট, এক লাখ টাকার ৪০টি জানালার গ্লাস, ৫০ হাজার টাকার ৪০টি পর্দা পুড়ে যায়। এছাড়া ৪০ হাজার টাকার সাতটি মুভিং ফ্যান, ৩০ হাজার টাকার আটটি লাইট, দুই লাখ ৪৫ হাজার টাকার সাতটি চাকা, ৬০ হাজার টাকার দুটি ব্যাটারি, ২৫ লাখ টাকার বাসের বডি ও ইঞ্জিন, ২০ লাখ ৪৫ হাজার টাকার গাড়ির অন্যান্য যন্ত্রাংশসহ মোট ৫৫ লাখ টাকার ক্ষতি হয়।