পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গত ৯ মে দেশটির সেনা সদরে সহিংসতার ঘটনার মূলহোতা। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ মন্তব্য করেছেন। খবর জিও নিউজের।

দুর্নীতির মামলায় ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেফতার হন ইমরান খান। এর জেরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। সেই সময় দেশটির সামরিকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ জন্য পিটিআই সমর্থক, কর্মী ও নেতাদের দায়ী করে দেশটির ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনী।

এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, গত ৯ মের সহিংসতায় নারী-পুরুষ, একটি চক্র, কিছু সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবার এতে অংশ নিয়েছিল। সেনাবাহিনী ৯ মে’কে ব্ল্যাক ডে হিসেবে ঘোষণা দেন।

জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ বলেন, ৯ মে’র ঘটনায় জড়িতরা সামরিক নেতৃত্বের পতন চেয়েছিল। জিও নিউজের এক প্রোগ্রামের জন্য দেওয়া এ সাক্ষাৎকার রোববার রাতে প্রচার হবে।

পাক প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, পরিকল্পনাকারীরা দেশে যুদ্ধ ও নৈরাজ্য চেয়েছিল। তবে দেশটিতে ৯ মে সহিংসতার জেরে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী এর কড়া জবাব দেওয়ার অঙ্গীকার করে। পিটিআইর বহু নেতা ও কর্মীকে আটক ও গ্রেফতার করেছে।

এ নিয়ে পাক সেনাবাহিনী তিনজন সিনিয়র কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে; যার মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেলও ছিলেন।