পাকিস্তান-আফগানিস্তানের তোরখাম সীমান্তে বিশাল ভূমিধস হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে। ভূমিধসে ২০টির বেশি গাড়া চাপা পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) পাকিস্তানের উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়ার তোরখামে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
উদ্ধারকারী দল ১১২২-এর মুখপাত্র বিলওয়াল ফাইজি জানান, ভোরের আগে তারা ভূমিধসের খবর পান। বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের পর এই ভূমিধস হয়। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা দু’জনের মরদেহ বের করেছি। আহত রয়েছেন আটজন, যাদের মধ্যে চার জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধ্বংস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন চাপা পড়েছে।
এই কর্মকর্তা আরও বলেন, এটা ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত পরিষ্কার করতে পারব। ধ্বংসস্তূপ সরাতে ৬০ জনের বেশি উদ্ধারকারী সদস্য কাজ করছে। ভূমিধসটি পুরো পর্বত ধসে পড়ার মতো বলেও মন্তব্য করেন তিনি।
