নিজেদের ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বরাবরই ব্যাকফুটে ছিল নিউজিল্যান্ড। ২০০৮ সাল পর্যন্ত ইংলিশদের বিপক্ষে ঘরের মাঠে ৪৪ ম্যাচ খেলে ৪ জয়ের বিপরীতে কিউইরা হেরেছিল ২৬টি ম্যাচে। ২০০৮ সালের মার্চে নেপিয়ারে মাইকেল ভনের ইংলিশদের কাছে হারের পর প্রতিরোধের শুরু নিউজিল্যান্ডের।

এরপর থেকে গত ১৫ বছর ধরে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ৭টি টেস্ট ম্যাচ খেললেও কোনো ম্যাচই হারেনি কিউইরা। এই সময়ের মধ্যে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ২টি জয়ের পাশাপাশি ৫টি ম্যাচে ড্র করে নিউজিল্যান্ড। কিন্তু নতুন ইংলিশ দলের বিপক্ষে নিজেদের প্রতিরোধ ধরে রাখতে পারেনি কিউইরা।

১৫ বছর পর ঘরের মাঠে বাজবল থিওরির কাছে হার মানলো নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালাম-বেন স্টোকস জুটির ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ২৬৭ রানের বিশাল ব্যাবধানে হেরেছে নিউজিল্যান্ড। দিবারাত্রির ম্যাচটিতে কিউইরা হেরেছে তাও মাত্র ৪ দিনে। ম্যাচটিতে নিউজিল্যান্ডের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইংল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনেই ৯ উইকেটে ৩২৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস। ইংল্যান্ডের নতুন তরুণ প্রতিভা ৮৯ এবং বেন ডাকেট করেন ৮৪ রান।

নিজেদের প্রথম ইনিংসে টম ব্লান্ডেলের দুর্দান্ত শতক এবং ডেভন কনওয়ের ফিফটিতে ভালো জবাবই দেয় স্বাগতিক নিউজিল্যান্ড। ব্লান্ডেল খেলেন ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস। কনওয়ের ব্যাট থেকে আসে ৭৭ রান। ৩৯ বছরের তরুণ জেমস অ্যান্ডারসন নেন ৩টি এবং অলি রবিনসন শিকার করেন ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে তিন ফিফটির সঙ্গে ৫ ব্যাটসম্যানের মাঝারি ইনিংসের উপর ভর করে ৩৭৪ রান তোলে ইংল্যান্ড। জো রুট ৫৭, ব্রুক ৫৪ এবং বেন ফোকস করেন ৫১ রান। ওলে পোপ ফেরেন ৪৯ রানে।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯৪ রানের। কিন্তু অ্যান্ডারসন-ব্রড জুটির কাছে অসহায় আত্মসমর্পণ করে কিউইরা অলআউট হয় মাত্র ১২৬ রানে। দুই তারকা পেসার ৪টি করে মোট ৮ উইকেট ভাগাভাগি করে নেন। অ্যান্ডারসন ৪ উইকেট নিতে খরচ করেন মাত্র ১৮ রান। ব্রড হজম করেন ৪৯ রান।

ম্যাচ জিতে দলের সবাইকে কৃতিত্ব দিয়ে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেন, ‘এই জয়ে সম্ভবত কারও একক কৃতিত্ব নেই। আমরা সবাই দারুণভাবে ভূমিকা রেখেছি। বিশেষ করে এমন উইকেটে বোলারদের কথা আগে বলতে হয়।’

অন্যদিকে ইংলিশদের কৌশলের কাছে হেরে নিজেদের পারফরম্যান্সকে হতাশাজনক দাবি করে নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘হতাশাজনক। তবে ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। কৌশলগত দিক থেকে তারা খুব ভালো খেলেছে।’