চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয়বারের মতো শাস্তি পেলেন নাজমুল হোসেন শান্ত। আম্পায়ারের সিদ্ধান্তে বাজেভাবে প্রতিক্রিয়া দেখানোয় সিলেট স্ট্রাইকার্সের ওপেনারকে করা হয়েছে জরিমানা, দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।
গত মঙ্গলবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এই ঘটনা ঘটে। যেখানে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয় শান্তকে। সঙ্গে তার নামের পাশে যোগ করা হয় দুটি ডিমেরিট পয়েন্ট।
সেদিন রংপুরের বিপক্ষে ৩০ বলে ৪০ রান করেন শান্ত। তবে ম্যাচের নবম ওভারে রংপুরের অফ স্পিনার শেখ মেহেদি হাসানের ডেলিভারিতে ক্রিজ ছেড়ে একটু বেরিয়ে খেলতে গেলে বল লাগে তার প্যাডে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় রংপুর। রিভিউতে দেখা যায়, তিনি আউট।
কিন্তু সিদ্ধান্ত আসার পর বেশ ক্ষিপ্ত দেখা যায় শান্তকে। আম্পায়ারের সঙ্গে আপত্তিজনক শরীরী ভাষায় কিছু একটা বলতে দেখা যায় তাকে। মাঠ ছাড়তে তিনি দেরি করেন বেশ। মাঠ ছাড়ার সময় পরের ব্যাটার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও উত্তেজিত ভঙ্গিতে কিছু একটা বলেন তিনি। মাশরাফি যদিও খুব একটা পাত্তা দেননি।
পরে মাঠের আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি রকিবুল হাসান শাস্তির সিদ্ধান্ত দেন। আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগে তার এই শাস্তি হয়, যেখানে বলা হয়েছে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা। শান্ত তা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে এবারের আসরেই সিলেটে একটি ম্যাচে আউট হওয়ার পর ড্রেসিং রুমের সামনে গিয়ে হেলমেট আছড়ে ফেলায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরষ্কার করা হয়েছিল ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল। তার মোট ডিমেরিট পয়েন্ট তাই এখন তিন। চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হতে হবে এক ম্যাচ।
