বলিউডে বর্তমানে অন্যতম আলোচিত সিদ্ধার্ত মালহোত্রা এবং কিয়ারা আদভানি জুটি। আলিয়া-রণবীরের বিয়ের পর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই জুটির বিয়ে নিয়ে। তাদের প্রতিটি পদক্ষেপই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।‌গোপন সূত্রে ডেটিংই হোক বা প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিতি হোক, একসঙ্গে দেখা মানে ভক্তদের মনে একটাই প্রশ্ন- কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি।

সেই প্রশ্নের উত্তর এখনই না মিললেও বৃহস্পতিবার এয়ারপোর্টে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সুন্দর অঙ্গভঙ্গিতে পোজ দিতেও দেখা যায় দুজনকে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভিডিও ভাইরাল হয়েছে। সবার মনে প্রশ্ন জেগেছে একসঙ্গে হ্যাপি নিউইয়ার উদযাপন করবেন কিনা তারা। খবর বলিউড বাবলের।

এর আগে এক রেডিও শোতে সিদ্ধার্তকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এ বছরই বিয়ে করবেন না।’ তবে আগামী বছর বিয়ের সম্ভাবনা রয়েছে এই জুটির।

গত পরশু দিনও জমকালো ডিনার ডেটিংয়ে ভাইরাল হয়েছে এই জুটি। তবে ব্যক্তিগত সম্পর্কের সূত্রে এই ডিনার ডেটের আয়োজন নয়। বরং তারা একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। সেই সেট থেকে একাধিক ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

কিছুদিন আগেও বিচ্ছেদের পথে হেঁটেছিলেন কিয়ারা আদভানি। শোনা গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে গোপন সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরবর্তীতে সেই খবর মিথ্যা প্রমাণিত হয় এবং আবারো সিদ্ধার্থের কাছে কিয়ারাকে ফিরতে দেখেন সবাই। এখন শুধু বিয়ের খবরের অপেক্ষা মাত্র।