নেপালে কয়েকজন চীনা নাগরিক ব্যাঙ্কিং সিস্টেম হ্যাক থেকে শুরু করে মানবপাচারের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।
দেশটির ‘হিউম্যান ট্রাফিকিং ইনভেস্টিগেশন ব্যুরোকে (কাঠমান্ডু)’ উদ্ধৃত করে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে। চীনা নাগরিকদের দ্বারা কয়েকজন নেপালি প্রতারিত হয়েছিলেন জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়- তাদের উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে লাওসে পাঠানো হয়েছিল।
এর আগে ব্যুরোর পুলিশ সুপার দান বাহাদুর মাল্লা জানিয়েছিলেন, দুই চীনা নাগরিক ১০ নেপালি যুবককে প্রলোভন দেখিয়ে বিক্রি করেছেন।
তিনি বলেন, তারা আরও নেপালি যুবকদের বিদেশে পাঠিয়ে থাকতে পারেন, এ বিষয়ে তদন্ত চলছে। জানা গেছে, অভিযুক্ত দুই চীনা নাগরিক নেপালে ব্যবসায়িক ভিসা নিয়ে পাঁচ বছর ধরে অবস্থান করছিলেন। তাদের একজন আইটি ইঞ্জিনিয়ার। যিনি স্থানীয় এক নারীকে বিয়েও করেছেন।
কাঠমান্ডু পুলিশ সূত্রে জানা গেছে, কাঠমান্ডুর থামেলে বসবাসকারী ৩০ বছর বয়সী চেন ইয়াং এবং ৩৩ বছর বয়সী রুয়ান চাওহংকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ব্যুরোর তদন্তে আরও জানা গেছে, তারা নেপাল থেকে থাইল্যান্ডে মানবপাচারের কাজে নেপালি এজেন্ট ব্যবহার করেছেন। তাদের বিষয়ে অনুসন্ধান চলছে। শুরুতে তারা সেলস মার্কেটিংয়ে মাসিক এক হাজার থেকে দেড় হাজার ডলার বেতন পাওয়ার লোভ দেখিয়ে নেপাল থেকে লাওসে লোক পাঠাচ্ছিল।
ভুক্তভোগীরা জানান, লাওসের একটি আইটি কোম্পানিতে তাদের রাখার পর, তাদের বিটকয়েনে বিনিয়োগ করতে রাজি করাতে বিভিন্ন দেশের লোকদের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি ভুয়া সামাজিক নেটওয়ার্ক খুলতে বলা হয়েছিল।
পুলিশ সুপার মাল্লা বলেছেন, চীনা নাগরিক প্রাথমিকভাবে ভুক্তভোগীর কাছ থেকে তিন লাখ ৯০ হাজার টাকা নিয়েছিল এবং লাওসে পৌঁছানোর পরে কাজের জন্য তাকে কোনো অর্থও দেয়নি। ভুক্তভোগীরা আরও জানান যে চীনা নাগরিকদের দ্বারা পাচার করা অনেক নেপালি এখনও লাওসে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।
