ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। জিততে হলে অতিথিদের প্রয়োজন ছিল আরও ১০০ রান। বাংলাদেশকে নিতো হতো ৬ উইকেট। চতুর্থ দিনের শুরুতে তিন উইকেট নিয়ে সে কাজটা প্রায় সেরেই ফেলেছিল লাল সবুজরা। তবে রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াশ আইয়ারের ব্যাটিং দৃঢ়তায় ৩ উইকেটে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে ভারত।
সেই সাথে সাদা পোশাকের সিরিজে বাংলাদেশকে ধবল ধোলাই করল ভারত। এর আগে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে সফরকারীরা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। লক্ষ্যটা মামুলি বটে। যদিও মিরপুরের উইকেটের বিবেচনায় কিছুটা আশা ছিল স্বাগতিক শিবিরেও। দলীয় ৩ রানে লোকেশ রাহুলকে ফিরিয়ে সে আশা বাড়িয়ে দেন সাকিব। কোনোকিছু বুঝে ওঠার আগে সফরকারী ব্যাটিং লাইনে দ্বিতীয় আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ।
এই অফ স্পিনারের শিকার ভারতের অন্যতম ভরসা চেতেশ্বর পুজারা। ১২ রানে দুই উইকেট হারানো ভারতের হয়ে ঘুরে দাঁড়াতে পারেননি শুভমান গিল ও বিরাট কোহলি। এই দুইজন বিদায় নেন যথাক্রমে ৭ ও ১ রান করে। তাতেই দলীয় ৩৭ রানেই ৪ উইকেট হারায় ভারত। তৃতীয় দিনে আর কোনো উইকেট না হারানো ভারতের সংগ্রহ ছিল ৪৪ রান। আকসার প্যাটেল ২৬ ও জয়দেব উনাদকাট ৩ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের শুরুতেই এই জুটি ভাঙেন সাকিব। ১৩ রানে ব্যাট করতে থাকা উনাদকাটকে ফেরান স্বাগতিক দলপতি। দলীয় ৭১ রানে পন্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। ৯ রানের বেশি করতে পারেননি উইকেটকিপার ব্যাটসম্যান। খানিকবাদে আকসার প্যাটেলকেও নিজের শিকার বানান মিরাজ। ফিরে যাওয়ার আগে ৪ চারের সাহায্যে ৩৪ রান করেন প্যাটেল।
এরপর আর কোনো বিপদ হতে দেননি অশ্বিন ও আইয়ার। অষ্টম উইকেট জুটিতে নিরবচ্ছিন্ন থেকে বাকি কাজটুকু সারেন। ৭১ রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন তারা। অশ্বিন ৪২ ও আইয়ার ২৯ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে মমিনিুল হক সৌরভকে একটা ধন্যবাদ দিতেই পাবে ভারত। কারণ গুরুত্বপূর্ণ সময়ে অশ্বিনের একটি ক্যাচ ছেড়ে দেন সাবেক অধিনায়ক। টিকে গিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মমিনুল।
প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩১৪ রানে থামে ভারত। ৮৭ রানে পিছিযে থাকা স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে। তবে দুই ফিফটিতে শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২৩১ রান তোলে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।
