ইরানে প্রতিবাদ বিক্ষোভের পক্ষে কথা বলায় বিখ্যাত অভিনেত্রী ও অনুবাদক তারানেহ আলিদুস্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিচার বিভাগ এ খবর জানিয়েছে।

নিজের দাবির পক্ষে তথ্যপ্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় বিচারিক কর্তৃপক্ষের আদেশে তাকে গ্রেপ্তার করা হয়। বিচার বিভাগের মিজান অনলাইন নিউজ ওয়েবসাইটে এ কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়, সাম্প্রতিক বিষয় নিয়ে ভিত্তিহীন কথা বলায় আলিদুস্তিসহ আরো কয়েকজন সেলিব্রেটিকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক কিংবা গ্রেপ্তার করা হয়েছে।

আলিদুস্তি (৩৮) ইরানের অন্যতম সেরা অভিনেত্রী ও অনুবাদক। তিনি ২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।

তিনি গত ৮ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে মোহসিন সেকারির মৃত্যুদণ্ড নিয়ে কথা বলেন। ওইদিনই বিক্ষোভে জড়িত থাকার দায়ে মোহসিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আলিদুস্তি তার কমেন্টে বলেন, আপনার নীরবতা মানে অত্যাচার ও অত্যাচারীকে সমর্থন করা। প্রতিটি আন্তর্জাতিক সংস্থা যারা এই রক্তপাত দেখছে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা মানবতার কলঙ্ক।

উল্লেখ্য, তারানেহ আালিদুস্তি ১৭ বছর বয়সে অভিনয় শুরু করেন। তিনি ইরানের সেরা অভিনেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

হিজাব পরাকে কেন্দ্র করে পুলিশি হেফাজতে গত ১৬ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ শুরু হয়। আলিদুস্তি বিক্ষোভকারীদের পক্ষে অবস্থান নিয়ে নানা সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়েছেন।

ইরানের বিচার বিভাগ বলছে, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত হাজার হাজার লোককে আটক করা হয়েছে। এর মধ্যে ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।