২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালকে ঘিরে ফুটবলবিশ্ব আজ ভাগ হয়ে যাবে দুই ভাগে। লাতিন আমেরিকা ও ইউরোপ। আর্জেন্টিনা ও ফ্রান্স। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
এই গ্রহের বাসিন্দারা কায়মনোবাক্যে চাইবেন নিজের প্রিয় দলের জয়। অন্য ভুবনের তারকারাও রয়েছেন এই তালিকায়। অনেক সেলিব্রেটি ও অ্যাথলেট আজ বিশ্বকাপ ফাইনালে গলা ফাটাবেন মেসির আর্জেন্টিনার জন্য। তারা কারা?
বিখ্যাত ইংলিশ গায়িকা অ্যাডেলে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সমর্থক। হলিউডের নন্দিত অভিনেত্রী জুলিয়া রবার্টস ভীষণরকম ফুটবল অনুরক্ত। সম্প্রতি ইনস্টাগ্রামে ম্যানইউর খেলোয়াড় জেসে লিনগার্ডকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জুলিয়া।
তিনি মেসি ও আর্জেন্টিনারও ভক্ত। ২০১৭ এল ক্লাসিকো মাঠে বসে দেখেছিলেন। ম্যাচ শেষে মেসির সঙ্গে ছবি তোলার অনুরোধও করতে দেখা গিয়েছিল ‘প্রিটি উওম্যান’ খ্যাত জুলিয়াকে।
এদিকে ব্রিটিশ টেনিস লিজেন্ড অ্যান্ডি মারেও ফুটবলে সমর্থন করেন আর্জেন্টিনাকে। আজ ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে তিনিও আর্জেন্টিনার পক্ষে স্লোগান তুলবেন।
