বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এলেই এদের নাম লোকের মুখে মুখে ফেরে। নিজেদের খেলার দ্যুতি দিয়ে এরা বিচ্ছুরিত আন্তর্জাতিক ফুটবল দুনিয়ায়। কিন্তু, কাতার বিশ্বকাপের আসরই হতে চলেছে তাঁদের শেষ বিশ্বকাপ। দেহপট সনে শুধু নট নয়, সবাই-ই কিছু না কিছু হারায়।

ফুটবলাররাও হারান। আর তাই এবার বিশ্বকাপ থেকে ছুটি নিচ্ছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি, পর্তুগালের মেগাস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, স্পেনের নায়ক সার্জিও রামোস, জার্মানির তারকা গোলপ্রহরী ম্যানুয়াল নয়ার এবং ক্রোয়েশিয়ার ফুটবল জাদুকর লুকা মদরিচ। এই পাঁচজনকে আর কোনও দিন বিশ্বকাপে দেশের জার্সিতে আর দেখা যাবে না। ফুটবল দুনিয়া বঞ্চিত হবে এদের ক্রীড়া চাতুর্য থেকে।

মেসির বিদায় নেয়াটা পূর্ব ঘোষিত। আর্জেন্টাইন এই সুপারস্টার আগেই জানিয়ে রেখেছেন যে কাতারই তাঁর শেষ বিশ্বকাপ। পঁয়ত্রিশে পা দেয়া মেসির সেরা বিশ্বকাপ ২০১৪।

যেবার আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল জার্মানির বিরুদ্ধে। মেসির অভাব বিশ্বকাপ বরাবর অনুভব করবে।
মেসির মতোই বিশ্বকাপ আর পাবে না পর্তুগালের সেরা তারকা রোনালদোকে। কে ভুলতে পারে রাশিয়ার বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে রোনালদোর ফ্রিকিকের সেই অসাধারণ গোল? ইউরো ষোলো তে পর্তুগালের জয়ের স্থপতি ছিলেন রোনালদো। তাঁর অনুপস্থিতি অবশ্যই ফুটবল দর্শকদের স্মৃতিমেদুর করবে।

স্পেনের সেন্টার ব্যাক সার্জিও রামোসকে কাতার বিশ্বকাপের পর বিশ্বকাপের আসরে আর দেখা যাবে না। চারটি বিশ্বকাপে খেলেছেন রামোস। ইউরোপিয়ান কাপ জয় করেছেন। এই মহাতারকার বিদায় এই কাতার বিশ্বকাপে। ঘটনাটি বেদনাদায়ক হলেও বাস্তব।

জার্মানির বিশ্বস্ত গোলকিপার ম্যানুয়াল নয়ারের বিদায় এই বিশ্বকাপে। ২০১৪তে গুটসের গোলে জার্মানি জিতেছিল বিশ্বকাপ। সেদিন আত্মপ্রত্যয় নিয়ে জার্মানির গোল রক্ষা করেছিলেন ম্যানুয়াল নয়ার। তাঁর বিদায় নিঃসন্দেহে ইন্দ্রপতন।

ক্রোয়েশিয়ার ফুটবল জাদুকর লুকা মদরিচের এটি শেষ বিশ্বকাপ। ড্রিবলিংয়ে পারদর্শী মদরিচের গেমসম্যানশিপ আর দেখা যাবে না বিশ্বকাপে। এঁরা সকলেই এবার কাতারে শেষ বিশ্বকাপ খেলবেন। শেষ ঝলক কি দেখতে পাওয়া যাবে? সময় এই প্রশ্নের জবাব দেবে।