ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হওয়ার কথা শোনা গিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডও বার্কলেকেই সমর্থন দিয়েছিল। যে কারণে তারা সৌরভ গাঙ্গুলীর নামও প্রস্তাব করেনি। কিন্তু এবার জানা গেল, বার্কলে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পেয়ে যাচ্ছেন না।
কারণ আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেঙ্গোয়া মুকুলানি।
আগামী সপ্তাহে আইসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছুদিন আগেই জানা গিয়েছিল, আইসিসির ডেপুটি চেয়ার ইমরান খাজা চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন। তবে পরে তিনি সরে দাঁড়িয়েছেন। এমন সময় আলোচনায় এলেন মুকুলানি। তিনি দীর্ঘদিন ধরে আইসিসির বোর্ডে আছেন। হঠাৎ করে তার চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয়েছে বিস্ময়। কারণ তার জেতার সম্ভাবনা খুবই কম। জিততে হলে তাকে পূর্ণ সদস্য এবং সহকারী সদস্য দেশগুলোর সমর্থন দরকার হবে।
আইসিসির নির্বাচনের নিয়মে এবার পরিবর্তন এসেছে। সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি বেশি ভোট পাবেন তারই জয় হবে। মোট ভোট ১৬টি। যাতে আছে ১২টি পূর্ণ সদস্য দেশ, একজন স্বাধীন ডিরেক্টর এবং তিন জন সদস্য দেশের ডিরেক্টর। মুকুলানি আইসিসির অডিট কমিটির সদস্য এবং মেম্বারশিপ কমিটির প্রধান। অলিম্পিক ওয়ার্কিং কমিটির সঙ্গেও তিনি জড়িত। আইসিসিতে তিনি ‘ডক’ নামে পরিচিত। মুকুলানির বিশ্বাস, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। নির্বাচনে জিতলে ছোট দলগুলোকে উন্নত করতে কাজ করবেন।
