হকি চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল মোনার্ক পদ্মা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে মঙ্গলবার সাইফ পাওয়ার খুলনাকে ৬-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটি। প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল রাসেল মাহমুদ জিমিরা। এদিকে টানা তিন ম্যাচেই জয়হীন থাকল সাইফ পাওয়ার খুলনা।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সাইফ পাওয়ার খুলনা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন খোরশেদুর রহমান। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মোনার্ক পদ্মা। প্রতিপক্ষের রক্ষণে হানা দিয়ে ১১ মিনিটে পদ্মাকে সমতায় ফেরান রাসেল মাহমুদ জিমি।

দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে চালকের আসনে বসে মোনার্ক পদ্মা। ২৪ মিনিটে সাইফ খান ও ২৯ মিনিটে নাইম উদ্দিনের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সাইফের খোরশেদুর রহমান। এতে জমে ওঠে ম্যাচ। তবে চতুর্থ কোয়ার্টারে দুই মিনিটের ঝড়ে সাইফ পাওয়ারকে ম্যাচ থেকে ছিটকে দেয় পদ্মা। ৫৩ মিনিটে নাইম উদ্দিন, ৫৪ মিনিটে কৃষ্ণা কুমার লক্ষ্যভেদ করেন।

৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন মিয়া তানিমিতসু। এতে ব্যবধান আরো বাড়ায় মোনার্ক পদ্মা। শেষ মিনিটে সাইফ পাওয়ারের হয়ে গোল করেন মরিজ ফ্রেই। এতে শুধু ব্যবধানই কমিয়েছে।