হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম জয়ের দেখা পেল ওয়ালটন ঢাকা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে রূপায়ণ সিটি কুমিল্লাকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ঢাকা। আর মোনার্ক পদ্মাকে ৩-২ গোলে হারিয়ে আসর শুরু করেছিল কুমিল্লা।
প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঢাকা। দুবারই লক্ষ্যভেদ করেন আশরাফুল ইসলাম। ২০ মিনিটে রকিবুল হাসান রকির আড়াআড়ি পাসে আলতো হিটে ব্যবধান আরো বাড়ান ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড আলফান্দি আলি সুরিয়া।
তিন গোলে পিছিয়ে পড়ে হুঁশ ফেরে রূপায়ণ সিটি কুমিল্লার। ২৩ মিনিটে ঘুরে দাঁড়ানোর রসদ পায় কুমিল্লা। মিলন হোসেনের পুশ সারোয়ার স্টপ করার পর সোহানুর রহমান সবুজের হিট জালে জড়ায়। ২৫ মিনিটে ব্যবধান ৪-১ করে ফেলে ঢাকা। পিসি থেকে আশরাফুলের ড্র্যাগ ফ্লিকে শেষ মুহূর্তে স্টিক ছুঁইয়ে আলফান্দি লক্ষ্যভেদ করেন।
তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা করে কুমিল্লা। ৩২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান কিম সুং ইয়ব। সাত মিনিট পর পিসি থেকে ড্র্যাগ ফ্লিকে এই কোরিয়ান ফরোয়ার্ড আবারও লক্ষ্যভেদ করলে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তার দেখা মেলেনি। রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা।
