আগেভাগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়ার কারণেই কি-না, বার্সেলোনার খেলোয়াড়দের পায়ে যেন ভর করল রাজ্যের ক্লান্তি। কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচে ন্যূনতম লড়াইও করতে পারল না তারা। পুরোটা সময় আধিপত্য ধরে রেখে দারুণ জয় তুলে নেওয়ার পাশাপাশি গ্রুপ সেরাও হয়ে গেল বায়ার্ন মিউনিখ।

কাম্প নউয়ে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। সাদিও মানে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। শেষ সময়ে তৃতীয় গোলটি করেন বাঁজামাঁ পাভার্দ।

তিনটি গোলেই অবদান রেখে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন সের্গে জিনাব্রি।দিনের আগের ম্যাচে ভিক্তোরিয়া প্লাজেনকে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত করে ইন্টার মিলান। সেই সঙ্গে শেষ হয়ে যায় বার্সেলোনার পরের ধাপে ওঠার ক্ষীণ আশাটুকু।

বায়ার্নের জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের মলিনতার সুযোগে আসরে জয়ের ধারা ধরে রাখার পাশাপাশি নিশ্চিত করল, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় খেলবে তারা।

পাঁচ রাউন্ডে শতভাগ সাফল্যে বায়ার্নের পয়েন্ট ১৫। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। তৃতীয় হয়ে ইউরোপা লিগে অবনমিত বার্সেলোনার পয়েন্ট ৪।

দশম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় বায়ার্ন। মাঝমাঠ থেকে থ্রু বল বাড়ান জিনাব্রি। গতিতে ডিফেন্ডার এক্তর বেইয়েরিনকে পেছনে ফেলে বল ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের ফরোয়ার্ড মানে।

৩১তম মিনিটে আরও একবার প্রতিপক্ষের পাল্টা আক্রমণে উন্মুক্ত হয়ে পড়ে বার্সেলোনার রক্ষণ। এখানেও অ্যাসিস্টের ভূমিকায় জিনাব্রি। তার দারুণ পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যে পাঠান চুপো-মোটিং।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।বায়ার্ন খুব যে আগ্রাসী ফুটবল খেলছিল, তা নয়। কিন্তু বার্সেলোনা কোনোভাবেই সুবিধা করতে পারছিল না। প্রথম ৪০ মিনিটে উল্লেখযোগ্য কোনো আক্রমণই করতে পারেনি তারা, নিতে পারেনি গোলের উদ্দেশ্যে কোনো শট!