ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭০টি সেঞ্চুরির মালিক কোহলি তিন অংকের ঘরে যেতে পারছেন না ২০১৯ সালের পর থেকে। ইংল্যান্ডের বিপক্ষেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। উইন্ডিজ সিরিজ থেকে ফের বিশ্রামে গেছেন কোহলি।

তবে এশিয়া কাপের আগে কোহলিকে ফর্মে দেখতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এজন্য আসন্ন জিম্বাবুয়ে সফরে তাকে দলে রাখতে চাচ্ছে বিসিসিআই। ভারতীয় নির্বাচকরা চান, এশিয়া কাপের আগে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে জিম্বাবোয়ে সফরের ওয়ানডে সিরিজে মাঠে নামুন কোহলি। বিসিসিআই সূত্র জানায়, ‘ভারতীয় নির্বাচকদের বৈঠক অনুষ্ঠিত হতে এখনও বেশ কিছুদিন বাকি।

তবে পরিকল্পনা হলো, জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে, যে ফরমেটে কোহলি অত্যন্ত সফল, ফর্মে ফিরতে সেই মঞ্চটাকে ব্যবহার করুক। কোহলি ছাড়া ভারতীয় দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারদের জিম্বাবুয়ে সফরে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দিতে পারেন লোকেশ রাহুল অথবা শিখর ধাওয়ান। উল্লেখ্য, এশিয়া কাপের আগে ১৮ থেকে ২২ আগস্টের মধ্যে জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।