ফিনল্যান্ড ও সুইডেনকে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে সামরিক নিরাপত্তা জোট ন্যাটো। ‘বড় হুমিক হয়ে ওঠা রাশিয়ার’ প্রেক্ষাপটে ইউরোপের নিরাপত্তাবলয়ে বড় ধরনের পরিবর্তনের আভাস দেয়া হয়েছে।

স্পেনের রাজধানী মাদ্রিদে মঙ্গলবার (২৮ জুন) শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলন। সেখানেই নেতারা এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন।গত কয়েক সপ্তাহের বিরোধের অবসান ঘটিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের ওপর থেকে নিজেদের আপত্তি প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। মাদ্রিদে ন্যাটো সম্মেলন শুরুর আগে মঙ্গলবার (২৮ জুন) চার ঘণ্টা আলোচনার পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর ফলে ৩০ সদস্যের জোটটিতে নতুন দুই দেশকে সদস্য করার পথ সুগম হলো।

জোটের নেতারা এক ঘোষণাপত্রে বলেছেন, ‘আজ (মঙ্গলবার) আমরা ফিনল্যান্ড এবং সুইডেনকে ন্যাটোতে যোগ দিতে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ন্যাটো মিত্রদেশগুলোর পার্লামেন্টে এই সিদ্ধান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষা। এ প্রক্রিয়ায় এক বছর লেগে যেতে পারে। তবে একবার অনুমোদন পেয়ে গেলে নর্ডিক এই দেশ দুটি ন্যাটোর যৌথ প্রতিরক্ষা অনুচ্ছেদ অনুযায়ী (আর্টিকেল ৫) সুরক্ষা পাবে। তারা যুক্তরাষ্ট্রের পারমাণবিক রক্ষাকবচে সুরক্ষিত থাকবে।

এদিকে ইউরোপে সামরিক উপস্থিতি বাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যদিয়ে ন্যাটোকে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছে দেশটি। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন এ জোটের প্রয়োজনীয়তা বেশি। স্থল, আকাশ ও নৌ—সব দিক থেকে ন্যাটোকে শক্তিশালী করা হবে।তবে ন্যাটোর বাল্টিক অঞ্চলে এবং রাশিয়ার সীমান্তে ন্যাটোর আগ্রাসী আচরণের তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ন্যাটোর যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে রাশিয়া