লাগেজে করে ১০৯টি জীবন্ত প্রাণী পাচারের চেষ্টা করার অভিযোগে দুই ভারতীয় নারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ জুন) ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে ওই দুই নারীকে গ্রেফতার করেন থাইল্যান্ডের কর্মকর্তারা। বুধবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ খবর প্রকাশ করে।
থাইল্যান্ডের জাতীয় উদ্যান, বন্যপ্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরে এক্সরে পরীক্ষার সময় দুটি স্যুটকেসে ওই বন্যপ্রাণীগুলো পাওয়া যায়। লাগেজে দুটি সাদা সজারু, দুটি আরমাডিলো, ৩৫টি কচ্ছপ, ৫০টি গিরগিটি এবং ২০টি সাপ ছিল।পরে থাই কর্তৃপক্ষ জানায়, যে লাগেজ দুটিতে এসব প্রাণী পাওয়া গেছে তা নিথিয়া রাজা এবং জাকিয়া সুলতানা ইব্রাহিম নামে দুই ভারতীয় নারীর। ভারতের চেন্নাইগামী একটি ফ্লাইটে ওঠার কথা ছিল তাদের।
নিথিয়া রাজা এবং জাকিয়া সুলতানাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ২০১৯ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা আইন, ২০১৫ সালের প্রাণী রোগ আইন এবং ২০১৭ সালের শুল্ক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।তবে ওই দুই নারী গন্তব্যে পৌঁছানোর পর প্রাণীগুলো বিক্রি করার পরিকল্পনা করছিল কিনা কিংবা স্যুটকেস থেকে উদ্ধার করার পর প্রাণীগুলোকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি সংশ্লিষ্ট থাই কর্মকর্তারা।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, বিমানবন্দর দিয়ে প্রাণী পাচার দীর্ঘদিন ধরেই এশিয়ার অন্যতম বড় সমস্যা। গত মাসেও চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ দুদিনে থাইল্যান্ড থেকে বন্যপ্রাণী পাচারের দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।২০১৯ সালে ব্যাংকক থেকে চেন্নাইয়ে আসা এক ব্যক্তিকে বিমানবন্দরে আটক করা হয়েছিল। জানা যায়, কাস্টমস কর্মকর্তারা তার লাগেজে এক মাস বয়সী চিতাবাঘের বাচ্চা খুঁজে পেয়েছিলেন।
