বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল মোবিলিটি কোম্পানি ইসিএ ইন্টারন্যাশনাল। প্রতি বছরই আন্তর্জাতিক এ সংগঠন বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে থাকে। তাদের প্রকাশিত তালিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের শীর্ষ অবস্থান ধরে রেখেছে হংকং।

ধারাবাহিকভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও সুইজারল্যান্ডের জেনেভা। এ ছাড়া যুক্তরাজ্যের লন্ডন চতুর্থ ও জাপানের টোকিও পঞ্চম স্থানে রয়েছে। শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের পাঁচটি এশিয়ার। সবচেয়ে কম খরচের শহরের তালিকায় রয়েছে তুর্কিয়ের আঙ্কারা। চলতি বছরের মার্চে করা গবেষণার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করেছে ইসিএ ইন্টারন্যাশনাল।

ইসিএ বলছে, গত বছরজুড়ে জিনিসপত্রের চড়া দাম আর শক্তিশালী মুদ্রার কারণে তালিকার শীর্ষে রয়েছে এশিয়ার শহরটি। বাড়ি ভাড়ার খরচের উল্লম্ম্ফনের কারণে লন্ডন ও নিউইয়র্ক আগের বছরের মতো শীর্ষ পাঁচেই রয়েছে। লন্ডনে ২০ শতাংশ আর নিউইয়র্কে ১২ শতাংশ বাড়ি ভাড়া বেড়েছে।

এ ছাড়া ষষ্ঠ স্থানে রয়েছে ইসরায়েলের তেলআবিব। ইয়েন দুর্বল হওয়ায় জাপানের সব শহরের অবস্থান আগের বছরের চেয়ে অবনমন ঘটেছে। তবে ইউয়ান শক্তিশালী হওয়ায় চীনের শহরগুলো তালিকায় ওপরের দিকে উঠে আসে। সাংহাই ও গুয়াংঝু আছে যথাক্রমে তালিকার অষ্টম ও নবম অবস্থানে। এ ছাড়া ওয়াংজু ও সিউল রয়েছে শীর্ষ সপ্তম ও দশম স্থানে।

বাড়ি ভাড়া, পেট্রোল ও নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও সিঙ্গাপুর রয়েছে ১৩তম অবস্থানেই। ইসিএ জানায়, জরিপের শেষ দিকে আঞ্চলিক অন্যান্য মুদ্রার বিপরীতে সিঙ্গাপুরের ডলার দুর্বল হওয়ায় ওই বিষয়গুলো দেশটির অবস্থান পরিবর্তন হয়নি।

খবরঃএনডিটিভি।