ইউক্রেনের খ্যদ্যশস্য রফতানির জন্য সমুদ্রপথ খুলে দেওয়া নিয়ে আলোচনা করতে তুরস্ক সফরে গিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ। দুদিনের সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আঙ্কারা পৌঁছেছেন।
খবর ডেইলি সাবাহর। তুরস্ক সফরে তিনি ইউক্রেন ইস্যু ছাড়াও সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান নিয়েও আলোচনা করবেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর তুরস্কে এটা সের্গেই ল্যাভরভের দ্বিতীয় সফর।
এর আগে গত ১০ মার্চ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্রো কুলেবা এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসোগ্লুর সঙ্গে তুরস্কের আন্টালিয়ায় বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, জাতিসংঘের অনুরোধে ইউক্রেনের খাদ্যশস্য রফতানিতে সহায়তা করছে তুরস্ক। এ বিষয়ে আলোচনার জন্যই রুশ পররাষ্ট্র মন্ত্রীর এ তুরস্ক সফর।
