বাইশ গজ ছেড়েছেন অনেক আগেই, তবে ক্রিকেট ছাড়েননি। কোচিংয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সবশেষ ডিপিএলের রানার্স আপ দল লিজেন্ডস অব রূপগঞ্জের হেড কোচ ছিলেন তিনি।
নতুন খবর, যুক্তরাষ্ট্রের একটি ঘরোয়া ক্রিকেট দলের হেড কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন আফতাব। এমন প্রস্তাব পেয়ে সেখানে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন সাবেক এ ক্রিকেটার। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।
প্রস্তাব পাওয়ার বিষয়টি চেপে রাখতে না পারলেও কোন দলে যাচ্ছেন, সেটির নাম এখনো খোলাসা করেননি। তবে গুঞ্জন, আফতাবকে নিতে আগ্রহী দলটি মিশিগান বা আটালান্টার একটি ফ্র্যাঞ্চাইজি।
দল প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, কথাবার্তা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। আশা করি, কয়েকদিনের মধ্যে সেটা সম্পন্ন হবে। যেহেতু এখনো পাকাপাকি হয়নি, সেহেতু ক্লাবের নাম আপাতত বলতে চাচ্ছি না।
দেশের বাইরে কোচিং করানোর পেছনের কারণ নিয়ে আফতাব বলেন, জুন থেকে সেপ্টেম্বর সময়ে তো আমাদের দেশে খেলা তেমন হয় না। বৃষ্টির মৌসুম থাকে। লিগ শেষ হয়ে যায়। আবার প্রথম শ্রেণির মৌসুম শুরু হয় অক্টোবর থেকে। তাই এই চার মাস আমার জন্য দেশের বাইরে কাজ করার খুব সুন্দর সময়। যদি ওই সুযোগটা হয়, তাহলে আমার জন্য ভালো হবে।
ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়াও বিসিবির বাংলাদেশ টাইগার্স ক্যাম্পের কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আফতাব আহমেদের। তিনি স্বপ্ন দেখেন, একদিন জাতীয় দলের কোচ হবেন।
