করোনা পজিটিভ হয়েছেন সাকিব আল হাসান। আর তাই খেলতে পারবেন না চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।

এর আগে ডিপিএল খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্র ফিরে যান সাকিব। মঙ্গলবার (১০ মে) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা ছিল তার।টিম ম্যানেজমেন্ট সূত্রে বলা হয়েছিল, সাকিব দুই দিনের (সোম ও মঙ্গলবার) ছুটি নিয়েছেন। আগামী বুধবার (১১ মে) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে সর্বনাশা করোনা সব ভেস্তে দিল।

ঈদের ছুটি শেষে আবারও সিরিজের ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদের। এরই মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছে টিম টাইগার্স। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। ২২ টেস্টে আছে মোটে ১ জয়। সাদা পোশাকে এমন দুর্দশা কাটাতে চায় টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই হোম সিরিজ জয়ে বদ্ধপরিকর মুমিনুল বাহিনী।

সামনে থেকে নেতৃত্ব দিতে চান সিনিয়ররা। নেটে মনযোগী তামিম ও মুশফিক। দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন সাকিবও। মিরাজের ইনজুরির কারণে দলে সুযোগ পাওয়া নাঈম হাসানের টেকনিক নিয়ে কাজ করেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

দুই ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ১৫ মে থেকে। তবে, ম্যাচ শুরুর আগে অনুশীলন সেশন নিয়ে বিপাকে ডমিঙ্গোর দল। ঘূর্নিঝড়ের প্রভাবে কয়েকদিন ধরেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।