ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন দুই দেশই বিষয়টি স্বীকার করেছে। রোববার বিবিসির প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

ইস্পাত কারখানা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছিল এক সপ্তাহ আগে। জাতিসংঘ ও রেডক্রস এই অভিযান পরিচালনা করে। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশুচুক বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানিয়েছেন, মারিউপোলে মানবিক উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে।

যুদ্ধ শুরুর পর প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ মারিউপোলে আটকে আছে ইউক্রেনের অনেক নাগরিক। সবশেষ আশ্রয়কেন্দ্র হিসেবে শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় আত্মগোপন করেন নারী, শিশু, বৃদ্ধসহ কয়েকশ যোদ্ধা। পুরো শহর নিয়ন্ত্রণে নিতে পারলেও ইস্পাত কারখানাটি এখনও ইউক্রেনের সেনাদের দখলে রয়েছে। চারদিক অবরুদ্ধ করে এখানকার আটকে পড়া লোকদের আত্মসমর্পণ করতে আহ্বান জানিয়ে আসছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মারিউপোলের আজভস্তাল স্টিল প্ল্যান্ট থেকে তিন শতাধিক বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় ধাপে সেখান থেকে আহত লোকজন ও সেনাদের উদ্ধার করার পরিকল্পনার কথা বলা হচ্ছে। তবে তা অনেক কঠিন হবে বলে মনে করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

তবে শেষ পর্যায়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের সহযোগিতায় ওই ইস্পাত কারখানা থেকে বেসামরিক নাগরিকদের বের করে নেওয়ার সুযোগ দেয় রাশিয়া।
জাতিসংঘ ও রেডক্রসের নেতৃত্বে সফলভাবে শতাধিক বেসামরিক লোকজনকে কারখানা থেকে সরিয়ে আনায় গুতেরেসকে ধন্যবাদ জানান জেলেনস্কি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি শুরুতে উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী। পরে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে উত্তর দিক থেকে সেনা সরিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করে মস্কো। কিয়েভ ও দোনবাসের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ সেনারা।

প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিউপোল শহরটি দখল করা রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরটি আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং দোনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।