বার্সার পুরুষ দলের মুমূর্ষু অবস্থা। কোথায়ও নেই তাদের জৌলুস। ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে আগে, লা লিগায় নেই শিরোপার দৌড়ে। যেন শেষ চারে থাকতে পারলেই বাঁচে তারা। ঠিক তার উল্টো স্রোত বার্সার নারী দলে। তারা সবখানেই ফর্মের তুঙ্গে। তাই তো দর্শকও ম্যাচ উপভোগ করতে হুমড়ি খেয়ে পড়েন।
সর্বশেষ শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মুখোমুখি হয় বার্সা-ওলফসবার্গ। যে ম্যাচে দেখতে হাজির রেকর্ড ৯১ হাজার ৬৪৮ জন দর্শক। নারী ফুটবলের কোনো ম্যাচেই এর আগে এত দর্শক হয়নি।
তার আগে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিতে দর্শক হয়েছিল ৯১ হাজার ৫৫৩ জন। সেই রেকর্ড ভাঙল এ দিন।
তার আগে সবচেয়ে বেশি দর্শকের ম্যাচ হয় ১৯৯৯ নারী বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার ম্যাচে। এমন বিশেষ দিনটি বার্সা নারী দলও ঠিকঠাক উদযাপন করে। প্রথম লেগে ৫-১ গোলে উড়িয়ে দেয় ওলফসবার্গকে। তাতে ফাইনালের পথে এক পা দিয়েই রাখল দলটি। এ দিন বার্সার হয়ে জোড়া গোল করেন অ্যালেক্সিয়া।
