আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের জন্য বেশ কঠিনই হবে। ক্ষমতাচ্যুত সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান একজন রাষ্ট্রনায়ক হিসেবে যেভাবে কারিশমা দেখিয়েছেন তা শেহবাজের পক্ষে সম্ভব হবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেও, জনগণের মাঝে ইমরানের জনপ্রিয়তা ব্যাপক। দেশজুড়ে এরইমধ্যে একাধিক সমাবেশ করে সেই বার্তা তিনি দিয়েছেন। অনেকেই বিশ্বাস করেন, পাকিস্তানের পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ইমরান খান আবারও ক্ষমতায় ফিরে আসতে যাচ্ছেন। তবে শুধু দেশেই নয়, পাকিস্তানের এই রাজনৈতিক ঘটনাবলী তার প্রধান আন্তর্জাতিক সহযোগীরাও সতর্কের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

উপসাগরীয় অঞ্চলে পাকিস্তানের সবথেকে বড় মিত্র সৌদি আরব। অথচ শেহবাজ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পাঁচ দিন পর তাকে অভিনন্দন জানিয়েছে দেশটি। শেহবাজ শরীফের ভাই নওয়াজ শরীফ এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি পাকিস্তানের সবথেকে জনবহুল প্রদেশ পাঞ্জাবের বেশ কয়েকবারের মুখ্যমন্ত্রী ছিলেন। শাসক হিসেবে তার সুনাম ও দুর্নাম দুটিই রয়েছে। কিন্তু তার সবথেকে দুর্বল বিষয় ছিল আন্তর্জাতিক সম্পর্ক। এছাড়া দুর্নীতির নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৬ বিলিয়ন রূপি পাচারের অভিযোগে একটি মামলা বর্তমানে স্থগিত রয়েছে।

ইমরান খানের পতনের প্রভাব সৌদি-পাকিস্তান সম্পর্কে পড়বে কিনা এমন প্রশ্ন করা হয় ইসলামাবাদের পলিসি রিসার্স ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হুসাইন নাদিমের কাছে। তিনি মিডল ইস্ট আইকে বলেন, পাকিস্তানের নেতৃত্বের পরিবর্তন বড় ক্ষেত্রগুলোতে সৌদি আরবের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রাতিষ্ঠানিক, এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত গভীর। দুই দেশের মধ্যে কয়েক দশক পুরানো সমঝোতা এবং চুক্তি রয়েছে। তবে ইমরান খান যেভাবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে মিশতে পেরেছিলেন, তা শেহবাজের জন্য বেশ কঠিন হবে। ঐতিহ্যগতভাবে সৌদি বাদশাহ এবং ক্রাউন প্রিন্সরা সরাসরি পাক প্রধানমন্ত্রীদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন। কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ তাদের পছন্দ নয়। এ কারণে পাক প্রধানমন্ত্রীর শক্তিশালী ব্যাক্তিত্ব থাকলে তার প্রভাব সৌদির সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ইমরান খান ও এমবিএসের মধ্যে বোঝাপড়া ভাল ছিল, তাদের ব্যাক্তিত্বেও মিল ছিল।

পাকিস্তানের সৌদি আরবকে দরকার অর্থনৈতিক নিশ্চয়তার জন্য আর সৌদির পাকিস্তানকে দরকার নিরাপত্তার জন্য। ইমরান খান বিষয়গুলো মাথায় রেখে সৌদির শাসকদের সঙ্গে সম্পর্ক তৈরিতে কাজ করেছেন। ২০১৯ সালে যখন এমবিএস পাকিস্তান সফর করেন তখন ইমরান খান নিজেই বিমানবন্দরে যান তাকে রিসিভ করতে। এরপর নিজেই গাড়ি চালিয়ে তাকে বাসভবনে নিয়ে আসেন। এসব আচরণের দামও দিয়েছে সৌদি আরব। তারা হাজার হাজার পাকিস্তানি বন্দীকে ছেড়ে দিয়েছে। এছাড়া পাকিস্তানের অভ্যন্তরে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছে সৌদি। ইমরান খান নিজেও সৌদির স্বার্থ রক্ষার বিষয়ে সচেষ্ট ছিলেন। সৌদি আরবকে খুশি করতে ইরানের বিরুদ্ধে কঠোর হয়েছিলেন খান। পাকিস্তান ও আফগানিস্তান থেকে শিয়া মুসলিমদের ইরানপন্থী হুতি বাহিনীতে নিয়োগ দেয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। নাদিম বলেন, এ ধরণের কূটনীতি এর আগে আমরা দেখিনি। খান যা করেছেন, তা শেহবাজ শরীফের জন্য কঠিন হয়ে যাবে।

তবে অনেক বিশ্লেষকই আরেকটি দিকে ইঙ্গিত দিচ্ছেন। তারা বলছেন, ইমরান খানকে নিয়ে একটা আশঙ্কাও ছিল এমবিএসের। ক্রমশ মুসলিম বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ইমরান খান। কাশ্মীর, ফিলিস্তিনসহ নির্যাতিতদের পক্ষে বক্তব্য দিয়ে মুসলিমদের মুখপাত্রে পরিণত হয়েছিলেন তিনি। এটি মুসলিম বিশ্বের নেতা হিসেবে এমবিএসের অবস্থানকে দুর্বল করে তুলেছিল। ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের গবেষক সামি হামদি বলেন, ইমরানের এই উত্থানকে এক ধরণের হুমকি হিসেবে নিয়েছিলেন এমবিএস। সৌদি আরব এখন দেশের মধ্যে ইসলামের প্রভাবকে কমাতে কাজ করছে। দেশটির ক্রাউন প্রিন্স এখন মরুভূমির মধ্যে পার্টি আয়োজন করছেন, সমুদ্রতীরে বিকিনি অনুমোদন করতে যাচ্ছেন, মসজিদে লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করেছেন। সেখানে ইমরান খানের ইসলামপন্থী অবস্থান মধ্যপ্রাচ্যে তাকে জনপ্রিয় করেছে।

হামদি আরও বলেন, ইমরান খান বিভিন্ন সময়ে এমন সব মন্তব্য করেছেন যা আরব দেশগুলো ভালভাবে নেয়নি। সর্বশেষ ওআইসি সম্মেলনে ইমরান খান বলেন, ফিলিস্তিনের এই অবস্থার জন্য মুসলিম বিশ্বই দায়ী। উপসাগরীয় দেশগুলো এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি, কারণ তারা এখন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী। এছাড়া জাতিসংঘে ইসলামোফোবিয়া নিয়ে ইমরানের বক্তব্য এমবিএসকে দুর্বল নেতা হিসেবে দাঁড় করিয়েছে। মধ্যপ্রাচ্যের নেতাদের জন্য ইমরান খান আসলেই বড় হুমকিতে পরিণত হয়েছিলেন। খান ক্ষমতাচ্যুত হওয়ায় তারা আসলে খুশি হয়েছেন। তারা শরীফকে পেয়ে খুশি। কারণ, তিনি এসব ইস্যুতে গলা উঁচু করবেন না এবং আরবদের পেছনে থাকা নিয়ে তার কোনো সমস্যা নেই।

কিং ফয়সাল সেন্টার ফর রিসার্স এন্ড ইসলামিক স্টাডিজের গবেষক উমার করিম বলেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সামরিক সম্পর্ক দারুণ। সৌদি আরবের বিশেষ বাহিনীর সঙ্গে সম্প্রতি দুই মাস দীর্ঘ মহড়া চালিয়েছে পাক সেনাবাহিনী। অতীতে পাকিস্তানের সেনারা সৌদি-ইয়েমেন সীমান্তে নিরাপত্তা অভিযানে অংশ নিয়েছে। সৌদি আরবের কৌশলকে শক্তিশালী করতে পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদের অর্থনৈতিক দুর্দশার কারণে তাদের সৌদি আরবকে দরকার ছিল।

ইমরানের পতন ও শেহবাজের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে পাকিস্তানের অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যায়নি। দেশটির ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ফুরিয়ে আসছে। তাই শেহবাজের আমলেও পাকিস্তানকে তার পূর্বসরির মতো সৌদির অর্থনৈতিক সহযোগিতার উপরে নির্ভর করতে হবে। উমার করিমের মতে, এ জন্য এবার পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নিতে হতে পারে। পাকিস্তান যদি আরব দেশগুলো থেকে আরও অর্থনৈতিক সাহায্য চায় তাহলে তাকে আরও অনেক কিছু পাল্টা দিতে হবে। আপনি লক্ষ্য করলে দেখবেন, পাকিস্তানের নতুন সরকারকে এখনও অভিনন্দন জানায়নি ইরান। কারণ তারা বুঝতে পারছে যে, পাকিস্তানের নতুন সরকার সৌদি আরবের দিকে আরও বেশি ঝুঁকে পড়বে।