একদিনের ব্যবধানে আবারও বন্দুক হামলা হয়েছে যুক্তরাষ্ট্রে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন কমপক্ষে আটজন।রবিবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরে একটি ঘরোয়া অনুষ্ঠানে গুলি চালান বন্দুকধারীরা। মূলত এরপর থেকেই হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এরপর সোমবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় ভোরে অতর্কিতভাবে গুলি ছুড়তে শুরু করেন বন্দুকধারীরা। বাড়ির ভেতর ও বাইরে থেকে লাগাতার গুলিতে বেশ কয়েকজন আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যান। এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন। আর বাকিরা সেখানেই চিকিৎসাধীন অবস্থাতে রয়েছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানটিতে অন্তত ২০০ জন মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে এরই মধ্যে ঘটনাস্থল থেকে বেশকিছু আলামত সংগ্রহ করেছে নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীদের ধরতে শুরু হয়েছে অভিযান।
প্রশাসনের দাবি, ঘটনাস্থল থেকে তারা একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। বন্দুকধারীদের সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা না গেলেও তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।
এর আগে গেল শনিবার দেশটির সাউথ ক্যারোলাইনায় একটি শপিংমলে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৪ জন আহত হন। রক্তক্ষয়ী সেই হামলায় জড়িত সন্দেহে অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশ।
