দুর্দান্ত ফর্মে লখনৌ সুপার জায়ান্টসের নজর কাড়েন তাসকিন আহমেদ। আইপিএলের নতুন দলটি ডেকেছিল টাইগার পেসারকে। তবে তাসকিন সায় দেননি। দলের প্রয়োজনে থেকে গেছেন দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ ক্রিকেটের জন্য তাসকিনের উদার মানসিকতার প্রকাশ পেয়েছে ডারবান টেস্টেও। প্রচণ্ড ব্যথা থাকা সত্ত্বেও কাঁধে স্কচটেপ পেঁচিয়ে বল হাতে নেমে পড়েন মাঠে। ধুঁকতে থাকা বাংলাদেশকে এনে দেন উইকেট। তাসকিনের এমন উদার আচরণে মুগ্ধ অ্যালান ডোনাল্ডের।
টাইগারদের বোলিং কোচের মতে, কোনো প্রশংসাই যথেষ্ট হবে না তাসকিনের জন্য।দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ডোনাল্ড বলেন, ‘সে যেভাবে নিজেকে নিংড়ে দিয়েছে, তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ওয়ানডে সিরিজে তাকে দেখে আমি খুব আনন্দিত ছিলাম। যেভাবে সে বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছে! প্রথম টেস্টে কাঁধে একটু ব্যথা শুরু হয়। আস্তে আস্তে তার ব্যথা তীব্র হচ্ছিল। দ্বিতীয় ইনিংসে টেপ পেঁচিয়ে বোলিং করেছে সে। এই অবস্থায়ও সে দেশের জন্য কিছু করতে প্রস্তুত ছিল।’
চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলা সম্ভব হচ্ছে না তাসকিনের। ইতোমধ্যেই দেশে ফিরেছেন তিনি। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরে গুরুত্বপূর্ণ এই পেসারকে দলে পাবেন বলে আশাবাদী ডোনাল্ড।
তিনি বলেন, ‘সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে। তার মতো একজন তরুণের সঙ্গে কাজ করা আনন্দের। সে অনেক ভালো শ্রোতা, শিখতে চায়। তীব্র যন্ত্রণা সামলেও সে লড়ছিল। দলের জন্য তার আন্তরিকতা রয়েছে, তা দেখিয়েছে।’ডারবানে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হয়েছে বাংলাদেশের। দল হারলেও পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অ্যালান ডোনাল্ড। তিনি বলেন, ‘আমি মনে করি পেসাররা নিজেদের নিয়ে গর্ব করতে পারে। প্রত্যেক পেসার ভালো করেছে। আমরা একটা টেস্ট ইউনিট হিসেবে বল করেছি।’
এদিকে চোটের কারণে দ্বিতীয় টেস্ট না খেলে তাসকিনের সঙ্গেই দেশে ফিরেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। বুধবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা। টেস্ট সিরিজ শুরুর আগে অনুশীলনে গোড়ালিতে চোট পান শরিফুল।
