ভারতের জম্মু-কাশ্মিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানিসহ অন্তত ছয় জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে, নিহতরা ‘সন্ত্রাসী’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলছে, কাশ্মিরের কুলগাম ও অনন্তনাগ জেলায় দু’টি পৃথক সংঘর্ষে তারা নিহত হয়।

কাশ্মির পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার বলেন, নিহতরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের সদস্য।

কাশ্মির পুলিশ বলছে, নিহত ছয়জনের মধ্যে চার জনকে চিহ্নিত করা গেছে। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং দু’জন স্থানীয় সন্ত্রাসী। অন্য দু’জনের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশের ধারণা, নতুন বছর শুরুর আগে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের।
সূত্র: এনডিটিভি।