রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়ার মেম্বার প্রার্থী ছিলেন আবু তালেব। ভোট শেষে ফলাফলে জানতে পারেন তিনি শূন্য ভোট পেয়েছেন। পরে দেখতে পান টেবিলের নিচে পড়ে থাকা এক বান্ডিল ব্যালট পেপার পড়ে আছে তা গুনে দেখলে তিনি ৮৩ ভোট পেয়েছেন।
রোববার (২৬ ডিসেম্বর) ইউসুফপুর ইউনিয়নের ১ নম্বর বেলঘরিয়া ওয়ার্ডের বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মেম্বার পদপ্রার্থী আবু তালেবের দাবি, চুরি করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
আবু তালেব বেলঘরিয়ার ১ নম্বর ওয়ার্ডে এর আগেও মেম্বার হিসেবে দায়িত্বে ছিলেন। এবারও তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিংকু আহমেদ। তিনি ফুটবল প্রতীক নিয়ে দাঁড়িয়ে ১০১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফলে জানানো হয়, আবু তালেব শূন্য ভোট পেয়েছেন। ফলাফলেরএ খবর এলাকায় ছড়িয়ে পড়লে প্রার্থীর সর্মথকরা আন্দোলন শুরু করেন। তারা প্রশাসনসহ প্রিসাইডিং কর্মকর্তাদের অবরুদ্ধ করে।
জানতে চাইলে আবু তালেব মোবাইলে ভোট প্রদানের একটি ছবি দেখিয়ে প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘এই যে ছেলেটা মোরগ প্রতীকে ভোট দিয়েছে, মোবাইলে ছবিও তুলেছে। তার ভোটটা কোথায় গেলো? যে ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে সে কি তার নিজের ভোটটাও দেয় না? পৃথিবীর কোথাও কি এমন ঘটনা ঘটেছে? এটা কীভাবে সম্ভব?’
এসময় আবু তালেবের সমর্থকরা “ভোট চোর ভোট চোর” বলে স্লোগান দিতে থাকেন ভোট চোরের বিচার চাই, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই’, ‘এই নির্বাচন মানি না, বিচার চাই, বিচার চাই’। ভোটকেন্দ্রের বাইরে এমন উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হলে পুনরায় ভোট গণনা করা হয়। এতে দেখা যায়, আবু তালেব ৮৩ ভোট পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, ভোটের এক বান্ডিল ব্যালট পেপার টেবিলের নিচে পড়ে থাকায় তাদের দৃষ্টিগোচর হয়নি। এ ভুলের কারণে তারা মনে করেছেন আবু তালেব শূন্য ভোট পেয়েছেন। কিন্তু পরে টেবিলের নিচে ব্যালট পেপার খুঁজে পাওয়ায় পর পুনরায় ভোট গণনায় তার প্রাপ্ত ফলাফল বেরিয়ে আসে।
