বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং শেষ হয়েছে। ১৮ই ডিসেম্বর শেষ দিনের শুটিং হয়েছে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া এবং সাভারের কয়েকটি স্থানে। তবে এরপর ভারতের মুম্বইয়ে আরও ৭ থেকে ৮ দিনের শুটিং হবে বলে জানিয়েছেন সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি।

তিনি বলেন, পোস্ট প্রডাকশনের কাজ বাকি আছে। শুটিংয়ের পাশাপাশি এই কাজও চলছে। সিনেমাটি নিয়ে এর বেশি তথ্য দেয়ার অনুমতি নেই। গেল ২১শে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও রেজিস্ট্রার ভবন এলাকায় শুটিংয়ের মাধ্যমে বাংলাদেশ অংশের দৃশ্যধারণ শুরু হয়। এর জন্য ভারত থেকে ১০৭ জন ক্রু এসেছিলেন।

১৫ জনের বেশি শিল্পী এসেছিলেন। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। চলতি বছরের মার্চে সিনেমাটি মুক্তির কথা ছিল। করোনার কারণে শুটিং না করতে পারায় তা পিছিয়ে যায়। ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছবিটি মুক্তির কথা রয়েছে।

‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে। সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি।