সৌদিতে স্বামী রাকিব হাসানের সঙ্গে ওমরাহ হজ পালন করে সম্প্রতি দেশে ফিরেছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার ফিরছেন কাজে। শুক্রবার থেকে তিনি শুরু করতে চলেছেন নাট্য নির্মাতা থেকে চলচ্চিত্র পরিচালনায় আসা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বিয়ে’ ওয়েব ফিল্মের শুটিং। ঢাকার অদূরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে হবে শুটিং।

এই ওয়েব ফিল্ম সম্পর্কে মাহিয়া মাহি বলেন,চয়নিকা দিদির সঙ্গে কাজটিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। শিডিউল মোতাবেক এখন শুটিংয়ে অংশ নিতে যাচ্ছি।

ফিল্মটিতে মাহিয়া মাহির নায়ক হচ্ছেন ইমন। দ্বিতীয় বারের মতো জুটি বাঁধতে চলেছেন তারা। এর আগে ‘মাফিয়া’ নামে একটি ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করেছেন ইমন ও মাহি।

কিছুদিন আগে এই জুটির সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। সেখানে দুজনের সঙ্গেই ফোনে কথা বলেন এই সাংসদ। তবে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন খুবই অশ্লীল ভাষায়। তাকে বিভিন্ন বাহিনী দিয়ে তুলে আনার হুমকিও দেন মুরাদ।

এই ঘটনা নিয়ে গত কয়েকদিনে কত কিছুই না হয়ে গেল দেশজুড়ে। এমপি মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার দলীয় পদও কেড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, নায়ক ইমনকে দুই দফায় ডিবি কার্যালয়ে এবং একবার র‌্যাব সদরদপ্তরে নিয়ে জিজ্ঞোসাবাদও করা হয়েছে।

দুই বছর আগের এই অডিও কল সম্প্রতি ফাঁস হওয়ার ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও যাকার কথা রয়েছে ডিবি কার্যালয়ে। মুরাদ হাসানের সঙ্গে ওইদিনের কথাবার্তা নিয়ে তার কাছে বিস্তারিত জানতে যাওয়া হবে বলে কিছুদিন আগে ডিবি পুলিশ সূত্রে জানানো হয়। মাহি যেহেতু দেশে ফিরেছেন, যেকোনো সময় তার ডাক পড়তে পারে ডিবি কার্যালয়ে।

ওমরাহ হজ পালন করতে নভেম্বরের শেষ দিকে স্বামীর সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন মাহিয়া মাহি। পাশাপাশি সেখানে স্বামীকে নিয়ে মক্কার বিভিন্ন স্থান ঘুরেও দেখেছেন নায়িকা। ঘোরাঘুরির সে সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন ‘অগ্নি’ খ্যাত অভিনেত্রী মাহিয়া মাহি।